https://cns24news.com/

৩৮ দিনের অবরোধে অচল সাজেক, পর্যটন খাতে ৫০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা

প্রকাশের তারিখ: 28 Nov 2026   |   প্রতিবেদক: editor
৩৮ দিনের অবরোধে অচল সাজেক, পর্যটন খাতে ৫০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা

রাঙামাটি প্রতিনিধি:

মেঘে ঢাকা পাহাড়, সবুজ প্রকৃতি আর পর্যটকদের পদচারণায় মুখর থাকার কথা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক উপত্যকা। কিন্তু টানা ৩৮ দিনের সড়ক অবরোধ এবং পর্যটক প্রবেশে প্রশাসনিক নিষেধাজ্ঞায় এখন কার্যত অচল হয়ে পড়েছে দেশের অন্যতম জনপ্রিয় এই পর্যটনকেন্দ্র। বন্ধ রয়েছে অধিকাংশ হোটেল, রিসোর্ট, কটেজ ও রেস্তোরাঁ। পর্যটননির্ভর কয়েক হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। স্থানীয় বাসিন্দাদেরও নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ, চিকিৎসা ও যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে।

সংশ্লিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তাদের হিসাবে, এক মাসের অবরোধে পর্যটন খাতে ক্ষতির পরিমাণ প্রায় ৫০ কোটি টাকা। তবে এ বিষয়ে এখনো কোনো পূর্ণাঙ্গ সরকারি হিসাব প্রকাশ করা হয়নি।

গত ১১ অক্টোবর সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি তিন দফা দাবিতে সড়ক অবরোধ শুরু করে। পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে ওই দিন সন্ধ্যা থেকে সাজেক পর্যটনকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় রাঙামাটি জেলা প্রশাসন। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ১৫ অক্টোবর রাতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। দুর্গাপূজা উপলক্ষে ১৬ থেকে ২১ অক্টোবর অবরোধও শিথিল ছিল।

তবে ২২ অক্টোবর থেকে সংগঠন দুটি আবার অনির্দিষ্টকালের অবরোধ শুরু করে। এ সময় আগের তিন দাবির সঙ্গে আরও দুটি দাবি যুক্ত হয়। একই দিন অবরোধকারীদের সঙ্গে অপর পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। নিরাপত্তাঝুঁকি বিবেচনায় পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা বহাল রাখা হয়। প্রায় তিন হাজার পর্যটককে নিরাপত্তা ব্যবস্থায় সাজেক থেকে খাগড়াছড়িতে ফিরিয়ে নেওয়া হয়।

আন্দোলনকারীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে হামলায় জড়িত ব্যক্তিদের শাস্তি, সংশ্লিষ্ট সেনা ক্যাম্প কমান্ডারদের বদলি, মামলা প্রত্যাহার ও বিচার বিভাগীয় তদন্ত; উজোবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ; আহতদের চিকিৎসার ব্যয় বহন; জেএসএসের (সন্তু লারমা গ্রুপ) সশস্ত্র সদস্যদের সাজেক থেকে সরিয়ে নেওয়া এবং গ্রেফতার-হয়রানি ও বাড়িঘরে তল্লাশি বন্ধ করা।

২৬ অক্টোবর প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পাঁচ দাবির চারটি বিষয়ে সমঝোতার কথা জানান খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। তবে সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবি নিয়ে সমঝোতা হয়নি। অন্যদিকে, ১০ নভেম্বর সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা পদত্যাগ ও কমিটি বিলুপ্তির ঘোষণা দিয়ে অবরোধ প্রত্যাহারের কথা বললেও কর্মসূচি অব্যাহত থাকে।

২৫ নভেম্বর স্থানীয় হেডম্যান, কার্বারি, জনপ্রতিনিধি ও বাসিন্দাদের একাংশ অবরোধ প্রত্যাহারের দাবিতে সমাবেশ ও সংবাদ সম্মেলন করেন। তাঁদের অভিযোগ, ৫০টির বেশি গ্রামের মানুষ বাজার, ওষুধ ও চিকিৎসাসেবা পেতে সমস্যায় পড়ছেন। সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা দ্রুত সংকট সমাধানে প্রশাসনের পদক্ষেপ চান।

সাজেক রিসোর্ট ও কটেজ ওনার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা বলেন, অবরোধে ব্যবসায়ী, ক্ষুদ্র উদ্যোক্তা ও হোটেল-রেস্তোরাঁর কর্মচারীরা বেকার হয়ে পড়েছেন। দ্রুত সমাধান না হলে সাজেকের পর্যটন ব্যবসা ধ্বংস হয়ে যেতে পারে।

অন্যদিকে, সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক থাকলেও যানবাহন চলাচল ও মানুষের স্বাভাবিক যাতায়াত বন্ধ রয়েছে। কৃষিপণ্য, নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং শিক্ষার্থীদের চলাচলে কিছুটা ছাড় দেওয়া হলেও পর্যটন পরিবহন চালু হয়নি।

রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী জানিয়েছেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত হওয়া এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে কবে সাজেক আবার পর্যটকদের জন্য খুলবে, তা এখনো অনিশ্চিত।