https://cns24news.com/

সন্তানকে ফাঁস দেওয়ার ভিডিও স্বামীকে পাঠিয়ে আটক মা

প্রকাশের তারিখ: 30 Sep 2026   |   প্রতিবেদক: editor
সন্তানকে ফাঁস দেওয়ার ভিডিও স্বামীকে পাঠিয়ে আটক মা

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় প্রবাসী স্বামীর সঙ্গে অভিমান ও ক্ষোভের জেরে নিজের শিশুসন্তানকে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। এ ঘটনার একটি ভিডিও ধারণ করে মালদ্বীপে থাকা স্বামীর কাছে পাঠানোর পর সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ভিডিওটি পুলিশের নজরে এলে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়।

আটক নারীর নাম বিথী আক্তার (২৮)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় তার দুই শিশু সন্তান আবীর (৯) ও তাবিরকে (৭) পুলিশের হেফাজতে নেওয়া হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে এক নারীকে তার শিশুসন্তানের গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করতে দেখা যায়। ভিডিওটি নজরে আসার পর ঘটনাটি যাচাই করে পুলিশ। এরই মধ্যে শিশুটির ফুফু থানায় ফোন করে ঘটনাটি সম্পর্কে পুলিশকে বিস্তারিত জানান।

পরে পুলিশ রাধানগর গ্রামে অভিযান চালিয়ে বিথী আক্তারকে আটক করে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিথী জানিয়েছেন, তার স্বামী আব্বাস আলী প্রায় সাত বছর ধরে মালদ্বীপে অবস্থান করছেন। দীর্ঘদিন দেশে না ফেরায় স্বামীর প্রতি ক্ষোভ ও তার দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে তিনি সন্তানকে ফাঁস দেওয়ার চেষ্টা করে সেটির ভিডিও ধারণ করেন এবং স্বামীর কাছে পাঠান।

ওসি বলেন, ঘটনার পেছনে প্রকৃত কারণ কী এবং এর সঙ্গে অন্য কোনো বিষয় জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। দুই শিশুকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।