নড়াইল প্রতিনিধি:
নড়াইল সদর ও লোহাগড়া উপজেলা শাখায় ছয় মাসের জন্য আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত ২৮ সেপ্টেম্বর নড়াইল জেলা আহ্বায়ক কমিটির অনুমোদনক্রমে পৃথক বিজ্ঞপ্তিতে দুই উপজেলার কমিটি ঘোষণা করা হয়।
এনসিপির নড়াইল জেলা আহ্বায়ক কমিটির প্যাডে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নড়াইল সদর উপজেলা আহ্বায়ক কমিটিতে প্রভাষক মো. দেলোয়ার হোসেন (নাইম) আহ্বায়ক এবং ইঞ্জিনিয়ার মো. আশিকুর রহমান সদস্যসচিব হয়েছেন।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মো. আতাউর রহমান (লালটু), যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন চঞ্চল চৌধুরী ও মো. বাবুলুর রহমান। সিনিয়র যুগ্ম সদস্যসচিব পদে কাজী জাহিদুল ইসলাম এবং যুগ্ম সদস্যসচিব পদে রুকুম ও মো. জাহিদুল ইসলামকে রাখা হয়েছে।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. সাজ্জাদ মোল্লা এবং সহ-সাংগঠনিক সম্পাদক তন্ময় কাজী। জুলাই গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক করা হয়েছে মো. হৃদয় খানকে।
অন্যদিকে, লোহাগড়া উপজেলা আহ্বায়ক কমিটিতে মো. শাহাজান খান সাজুকে আহ্বায়ক এবং আবুল হাসান চঞ্চলকে সদস্যসচিব করা হয়েছে।
এই কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর হোসেন। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ইঞ্জিনিয়ার মো. সোহাগ হোসেন ও মোছা. রাবেয়া বেগম। সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে মো. তারিকুল ইসলামকে। যুগ্ম সদস্যসচিব পদে রয়েছেন মো. সেলিম মিয়া ও সরদার ইমরান ইসলাম।
লোহাগড়া উপজেলা কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. মামুদুর রহমান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. লিটন মোল্লা। জুলাই গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক করা হয়েছে মো. ইকলাসুর রহমানকে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উভয় কমিটিই আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি অনুমোদিত আহ্বায়ক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে দলীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, তালিকায় নামের ক্রম জ্যেষ্ঠতা বিচারের জন্য নয়।
এদিকে, এনসিপি ২৮ সেপ্টেম্বর দেশের সব উপজেলা পর্যায়ে কমিটি গঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে। দলটির রাজনৈতিক পর্ষদের বৈঠক থেকে আগামী অক্টোবরের মধ্যে সব উপজেলায় কমিটি গঠনের পরিকল্পনার কথা জানানো হয়।


