েখলা ডেস্ক:
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে হতাশাজনকভাবে শেষ হয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের অভিযান। বুধবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্সের কাছে ৮৮ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। ২১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮.৫ ওভারে ১২২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ২১০ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স। দলের বড় সংগ্রহে গুরুত্বপূর্ণ অবদান রাখেন জেপি ডুমিনি। ৪৯ বলে সাতটি চার ও পাঁচটি ছক্কায় ৮৯ রান করে অপরাজিত থাকেন তিনি।
ডুমিনির পাশাপাশি ওয়েন পারনেল ১৩ বলে ২২ এবং মর্ন ভন উইক ১৯ বলে ৩০ রান করেন। কলিন ইনগ্রামও দলের সংগ্রহ বাড়াতে অবদান রাখেন। বাংলাদেশের হয়ে রুবেল হোসেন, আবু জায়েদ রাহী ও কামরুল ইসলাম রাব্বি একটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র চার রানের মধ্যে দুই উইকেট হারানোর পর স্কোর ১০ রানে পৌঁছানোর আগেই আরও একটি উইকেট হারায় দলটি। দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশ আর ম্যাচে ফিরতে পারেনি।
অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ২৬ বলে ৩৭ রান করে দলের হাল ধরার চেষ্টা করেন। শেষদিকে আরাফাত সানি ৩০ বলে ৩১ রান করেন। তবে অন্য ব্যাটারদের ব্যর্থতায় বড় ব্যবধানের হার এড়ানো সম্ভব হয়নি।
সেমিফাইনালে ওঠার আশা টিকিয়ে রাখতে বাংলাদেশকে ১১.৫ ওভারের মধ্যে ২১১ রান করতে হতো। কঠিন এই সমীকরণ পূরণ করতে না পারার পাশাপাশি ব্যাটিং বিপর্যয়ে ম্যাচটিও বড় ব্যবধানে হারে দলটি।
পাঁচ ম্যাচে মাত্র এক জয় নিয়ে ছয় দলের প্রতিযোগিতায় দুই পয়েন্ট সংগ্রহ করে ষষ্ঠ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স।



