Homeজাতীয়দুর্গাপূজার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ঢাকা রেঞ্জের উপমহাপরিচালকের

দুর্গাপূজার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ঢাকা রেঞ্জের উপমহাপরিচালকের

নিজস্ব প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার-ভিডিপি সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মো. আসাদুজ্জামান গনী, বিভিএম, পিভিএমএস।

রোববার (১৮ অক্টোবর) ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা এলাকার বাগমারা সার্বজনীন দুর্গামন্দির এবং বর্ধনপাড়া বড় বাড়ি সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।

পরিদর্শনকালে উপমহাপরিচালক পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পর্যালোচনা করেন। এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, সম্ভাব্য ঝুঁকি দ্রুত শনাক্ত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার ও দ্রুত তথ্য আদান-প্রদান নিশ্চিত করতে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’-এর কার্যকর ব্যবহারের নির্দেশনাও দেন তিনি। দুর্গোৎসবের নিরাপত্তায় প্রযুক্তিনির্ভর নজরদারি এবং যেকোনো পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন উপমহাপরিচালক।

এদিকে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপনে আনসার-ভিডিপি সদস্যদের ভূমিকার প্রশংসা করেছেন বিভিন্ন পূজামণ্ডপের উদ্‌যাপন কমিটির নেতা ও আয়োজকেরা। পূজামণ্ডপের নিরাপত্তা, শৃঙ্খলা বজায় রাখা এবং দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচলে সদস্যদের সতর্কতা ও পেশাদারত্বের বিষয়টি তাঁরা ইতিবাচকভাবে তুলে ধরেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ আনসার ব্যাটালিয়ন (২১ বিএন)-এর পরিচালক মো. সাজেদুর রহমান, বিভিএম; আনসার-ভিডিপি ঢাকা জেলার জেলা কমান্ড্যান্ট মো. রাশেদুজ্জামান, বিভিএমএস; এবং নবাবগঞ্জ উপজেলা আনসার কর্মকর্তা মো. বাদল মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করে আসছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষেও বাহিনীর সদস্যরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছেন।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments