Homeজাতীয়১০ সচিবের দপ্তরে রদবদল, কে পেলেন কোন দায়িত্ব

১০ সচিবের দপ্তরে রদবদল, কে পেলেন কোন দায়িত্ব

নিজস্ব প্রতিনিধি:

সরকার প্রশাসনের শীর্ষ পর্যায়ে ১০ জন সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বে রদবদল, পদোন্নতি ও নতুন পদায়ন করেছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপনে বাণিজ্য, নৌপরিবহন, বস্ত্র ও পাট, মুক্তিযুদ্ধ বিষয়ক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে এই পরিবর্তনের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনগুলো জারি করেন উপসচিব জেতী প্রু।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব জাকারিয়াকে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব করা হয়েছে। অন্যদিকে, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারকে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলামকে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) রেক্টর (সচিব) করা হয়েছে।

তাঁর স্থলাভিষিক্ত হিসেবে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবুল হাছানাত হুমায়ূন কবীরকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খানকে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান (রিমি) পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে, জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) রেক্টর ড. মো. কামরুজ্জামানকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন দায়িত্ব ও পদায়নের কথা উল্লেখ করা হয়েছে। এসব পরিবর্তনের মাধ্যমে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে নেতৃত্বের পুনর্বিন্যাস করা হলো।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments