Homeবিবিধটপ ফাইভযুক্তরাষ্ট্রের গ্রিনকার্ড পেলেন মৌসুমী, কবে ফিরবেন দেশে?

যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ড পেলেন মৌসুমী, কবে ফিরবেন দেশে?

বিনোদন প্রতিনিধি:

দীর্ঘ তিন বছরের অপেক্ষার পর যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা গ্রিনকার্ড পেয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। সম্প্রতি নিউইয়র্কে এক অনুষ্ঠানে নিজেই এ সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করে নেন নব্বইয়ের দশকের জনপ্রিয় এই অভিনেত্রী।

শনিবার নিউইয়র্কের স্থানীয় সময় সন্ধ্যায় আয়োজিত এক অনুষ্ঠানে গ্রিনকার্ড পাওয়ার খবর জানান মৌসুমী। এতে যুক্তরাষ্ট্রে তাঁর বসবাস এবং বাংলাদেশে যাতায়াতের ক্ষেত্রে আগের তুলনায় সুবিধা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

২০২৩ সালের মাঝামাঝি সময়ে মেয়ে ফাইজার পড়াশোনা এবং অসুস্থ মায়ের চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান মৌসুমী। এরপর দীর্ঘ সময় ধরে সেখানে অবস্থান করছেন তিনি। তবে স্থায়ীভাবে বসবাসের অনুমতি না থাকায় দেশে যাতায়াতের ক্ষেত্রে কিছু জটিলতা ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গ্রিনকার্ড পাওয়ার পর ভক্তদের মধ্যে এখন আলোচনার বিষয়, কবে দেশে ফিরবেন তাঁদের প্রিয় অভিনেত্রী?

দেশে ফেরার ইচ্ছা থাকলেও আপাতত অসুস্থ মায়ের দেখাশোনার কারণে যুক্তরাষ্ট্রেই থাকতে হচ্ছে বলে জানিয়েছেন মৌসুমী। তাঁর ভাষ্য, নিজের কাজ অনেক আগেই শেষ হয়েছে। কিন্তু মা দীর্ঘদিন ধরে অসুস্থ এবং নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এই বয়সে মায়ের পাশে থাকাকে নিজের দায়িত্ব বলে মনে করেন তিনি।

মৌসুমী আরও জানান, অতীতে মাকে পর্যাপ্ত সময় দিতে পারেননি। এখন তাঁর পাশে থেকে সন্তানের মতো যত্ন নেওয়ার সুযোগ পাওয়াকে বড় আনন্দ হিসেবে দেখছেন তিনি।

যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও অভিনয় থেকে পুরোপুরি দূরে ছিলেন না মৌসুমী। সেখানে ‘কন্ট্যাক্ট ম্যারেজ’ নামে একটি টেলিফিল্মের শুটিংয়ে অংশ নেন তিনি। পরে এটি বাংলাদেশে চলচ্চিত্র হিসেবে মুক্তি পায়।

তবে নতুন কোনো সিনেমায় অভিনয় কিংবা নিয়মিত কাজে ফেরার বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো ঘোষণা দেননি এই অভিনেত্রী।

বর্তমানে মেয়ে ফাইজা যুক্তরাষ্ট্রে মায়ের সঙ্গে রয়েছেন। ছেলে ফারদীন থাকেন দুবাইয়ে। অন্যদিকে, স্বামী ও চিত্রনায়ক ওমর সানী বাংলাদেশে থেকে পারিবারিক ব্যবসা দেখাশোনা করছেন।

পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত ভিডিও কলে যোগাযোগ রাখছেন মৌসুমী। তবে কবে দেশে ফিরবেন, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানাননি তিনি। ফলে প্রিয় অভিনেত্রীকে আবারও দেশের মাটিতে দেখার অপেক্ষায় রয়েছেন তাঁর ভক্তরা।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments