Homeসারাদেশঢাকাজনগণের অধিকার আদায় করেই ছাড়ব: শফিকুর রহমান

জনগণের অধিকার আদায় করেই ছাড়ব: শফিকুর রহমান

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের দাবি আদায়ের লক্ষ্যেই ১১ দলীয় ঐক্য আন্দোলনে নেমেছে। জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় শরীয়তপুরের জাজিরার নাওডোবায় ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘আমরা জনগণের দাবি নিয়ে নেমেছি। কথা দিচ্ছি, জনগণের দাবি আদায় করে ছাড়ব।’

তিনি অভিযোগ করেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে। সরকার জনগণের ওপর স্বৈরাচার চাপিয়ে দিতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

পথসভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, দেশের মানুষের অধিকার আদায়ের জন্য তারা আন্দোলনে নেমেছেন। জনগণের অধিকার হরণ করা হলে এক দফার আন্দোলনের ডাক দেওয়া হবে। এ ধরনের কর্মসূচি ঘোষণা করা হলে ঢাকার রাজপথে আসার জন্য জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন না করে জনগণকে লালকার্ড দেখিয়েছে। জনগণও সরকারকে ক্ষমতা থেকে সরাতে লালকার্ড দেখাবে।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন সরকারের সমালোচনা করে বলেন, বর্তমান সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতায় গিয়ে তাদের অবস্থান পরিবর্তন হয়েছে। ক্ষমতার দম্ভে তারা গণভোটকে অবৈধ বলছে বলেও অভিযোগ করেন তিনি।

নাওডোবার পথসভা শেষে লংমার্চের বহর খুলনার উদ্দেশে যাত্রা করে। পথে বাগেরহাটের ফকিরহাটের কাঁটাখালীর মোড়, খুলনা মহানগরীর বাবরী চত্বর ও ফুলতলার স্বাধীনতা চত্বর, যশোরের মুড়লীর মোড় এবং ঝিনাইদহ বাস টার্মিনালে পথসভা করার কথা রয়েছে। পরে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে।

এর আগে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে সকাল ৭টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে লংমার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, দাবি আদায়ের লক্ষ্যে ১১ দলীয় ঐক্য গত ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে প্রথম এবং ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে দ্বিতীয় লংমার্চ কর্মসূচি পালন করে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments