নিজস্ব প্রতিনিধি:
এইচএসসি ও সমমান পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করেনি, এমন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে সরকার নতুন করে ভাবছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এসব প্রতিষ্ঠানকে কীভাবে সংশোধন করা যায় এবং প্রয়োজনে পাশের শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করা যায় কি না, তা বিবেচনা করা হবে। তবে এসব প্রতিষ্ঠানের শিক্ষকদের চাকরি যাবে না বলে জানিয়েছেন তিনি।
শনিবার বেলা ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, গত এসএসসি পরীক্ষায় পুনর্মূল্যায়নের মাধ্যমে ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী অতিরিক্ত জিপিএ-৫ পেয়েছিলেন। এবারও পরীক্ষার খাতা পুনরায় পরীক্ষা করা হবে। কোনো শিক্ষার্থী যেন মূল্যায়নে বঞ্চিত না হন, সে বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করা হবে।
এবারের ফল সন্তোষজনক হয়নি উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা বোর্ডগুলোকে সঙ্গে নিয়ে ফলাফলের উন্নয়নে কাজ করা হবে।
যেসব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন, তাঁদের পুনরায় পরীক্ষা নেওয়ার বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, কত দিনের মধ্যে তাঁদের পরীক্ষা নেওয়া যায়, তা আলোচনা করে সিদ্ধান্ত হবে। এক মাসের মধ্যে পরীক্ষা নেওয়া যায় কি না, সেটিও বিবেচনা করা হচ্ছে।
এবার পাসের হার কমে যাওয়ার কারণ প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষাব্যবস্থার কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, এবার ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। তাঁদের জন্য সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।



