Homeঅর্থনীতিযমুনা ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন মোঃ মাহমুদুল হক

যমুনা ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন মোঃ মাহমুদুল হক

নিজস্ব প্রতিনিধি:

মোঃ মাহমুদুল হক যমুনা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ২৮ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত ব্যাংকটির ৪৮৬তম পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে এ পদে নির্বাচিত করা হয়।

নতুন দায়িত্ব গ্রহণের আগে তিনি ব্যাংকটির পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির সদস্য ছিলেন। এর আগে ২০১২ সালেও তিনি যমুনা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

মাহমুদুল হক যমুনা ব্যাংক পিএলসির অন্যতম স্পন্সর পরিচালক। ব্যাংকটির পরিচালনা পর্ষদের মতে, তাঁর এ নির্বাচন তাঁর নেতৃত্বের প্রতি পরিচালকদের অব্যাহত আস্থা, আর্থিক খাত সম্পর্কে সুস্পষ্ট ধারণা এবং দেশের শিল্প ও ব্যবসায়িক খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতার প্রতিফলন।

দেশের ব্যবসায়িক খাতে প্রায় চার দশকের অভিজ্ঞতাসম্পন্ন উদ্যোক্তা মাহমুদুল হকের ব্যবসায়িক কার্যক্রম বস্ত্র ও তৈরি পোশাকশিল্প, বিদ্যুৎ উৎপাদন, ব্যাংকিং, শিক্ষা এবং আবাসনসহ বিভিন্ন খাতে বিস্তৃত।

১৯৯৪ সালে তিনি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি দেশের উভয় শেয়ারবাজারে তালিকাভুক্ত। তাঁর নেতৃত্ব ও দূরদর্শিতায় আনলিমা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে।

ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি মাহমুদুল হক করপোরেট সামাজিক দায়বদ্ধতা ও আর্থসামাজিক উন্নয়নেও ভূমিকা রাখছেন। বিভিন্ন সামাজিক সংগঠন ও দাতব্য কার্যক্রমের মাধ্যমে আনলিমা গ্রুপের অভ্যন্তরে এবং এর বাইরেও সমাজের উন্নয়নে অবদান রেখে চলেছেন তিনি। ভ্রমণেও তাঁর বিশেষ আগ্রহ রয়েছে; বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন তিনি।

মাহমুদুল হক চট্টগ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বিবাহিত। তাঁর স্ত্রী হুব্বুন নাহার হক যমুনা ব্যাংকের একজন স্পন্সর শেয়ারহোল্ডার। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দুজনই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত।-

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments