বিনোদন ডেস্ক:
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী মনে করেন, জীবনের চলার পথে মানুষ ভুল করে এবং সেই ভুল থেকেই শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যায়। নিজের ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেছেন, চলার পথে তিনিও অনেক ভুল করেছেন। তবে সেসব ভুল শুধরে এগিয়ে যাওয়ার কারণেই আজকের অবস্থানে পৌঁছাতে পেরেছেন।
নব্বইয়ের দশকে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন মৌসুমী। অভিনয়, সৌন্দর্য ও সাবলীল উপস্থাপনার মাধ্যমে অল্প সময়েই দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। রোমান্টিক, পারিবারিক ও আবেগঘন নানা চরিত্রে অভিনয় করে দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন বেশ কিছু জনপ্রিয় সিনেমা। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই অভিনেত্রী। দেশটিতে তিনি স্থায়ী বসবাসের অনুমতিও পেয়েছেন। মঙ্গলবার তার জন্মদিন। জন্মদিন উদযাপন এবং ক্যারিয়ারের নানা অভিজ্ঞতা নিয়ে যুগান্তরের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।
মৌসুমী বলেন, মানুষ চলার পথে অনেক ভুল করে। একসময় সেসব ভুল অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়। তবে ভুল মানুষের জীবনেরই অংশ। ভুলের মধ্য দিয়েই মানুষ নিজের সীমাবদ্ধতা বুঝতে পারে এবং তা থেকে শেখার চেষ্টা করে। নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, তিনিও হয়তো জীবনের পথে ভুল করেছেন। সেসব সংশোধন করে সামনে এগিয়ে যাওয়ার কারণেই এত দূর আসতে পেরেছেন। তার মতে, উপলব্ধির মধ্য দিয়ে ভুল একজন মানুষকে আরও পরিণত করে।
তিনি আরও বলেন, ভুল করলে নানা সমস্যায় পড়তে হয়, কিন্তু ভুলের মুখোমুখি হওয়াও জীবনের অংশ। ভুল-ভ্রান্তি, আনন্দ-বেদনা, সুখ-দুঃখ, হাসি-কান্না—সবকিছু নিয়েই জীবন।
চলচ্চিত্রে কাজের পরিবেশ ও নারী শিল্পীদের অবস্থান নিয়েও কথা বলেন মৌসুমী। তার ভাষ্য, একসময় সিনিয়র ও জুনিয়র শিল্পীরা দলবদ্ধভাবে কাজ করতেন। ফলে কাজের ক্ষেত্রে নিরাপত্তাহীনতা তুলনামূলক কম ছিল। তবে চলচ্চিত্রশিল্প কখনোই তাদের শতভাগ নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পারেনি। নিজেদের নিরাপত্তার ব্যবস্থা নিজেদেরই করতে হয়েছে।
মৌসুমীর মতে, চলচ্চিত্রশিল্পে ছোটখাটো বিষয় নিয়েও নানা ধরনের রাজনীতি হয়। এসব জটিলতা এড়াতে এবং বিপদে একে অন্যের পাশে দাঁড়াতে তারা নিজেদের মধ্যে দলগত যোগাযোগ ও সহযোগিতা বজায় রাখতেন। একসঙ্গে কাজ করা শিল্পীদের মধ্যে ঈর্ষা ছিল না বলেও জানান তিনি।
নারী শিল্পীদের প্রাপ্য সম্মান প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, চলচ্চিত্রশিল্প নারী শিল্পীদের খুব বেশি সম্মান দিয়েছে—এমনটি তিনি মনে করেন না। শাবানা, ববিতা কিংবা তার মতো শিল্পীরা নিজেদের যোগ্যতা ও কাজের মাধ্যমেই সম্মান অর্জন করেছেন।



