নিজস্ব প্রতিনিধি:
রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে কিছু মহল পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টি এবং উৎপাদন ব্যাহত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ধরনের কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গার্মেন্টস কারখানা বন্ধের উদ্দেশ্যে কেউ কোনো কর্মকাণ্ড চালালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে যেসব কারখানা বন্ধ হয়েছে, সেগুলো দ্রুত খুলে দেওয়ারও উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, কিছু এলাকায় যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তা অনেক ক্ষেত্রেই শ্রমিকদের দাবি-দাওয়ার সঙ্গে সম্পর্কিত নয়। রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কোনো কোনো মহল উৎপাদন বন্ধ রাখতে উসকানি দিচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড বরদাশত করা হবে না। কিছু দুষ্কৃতকারী হামলার চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
শ্রমিকদের দাবির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের দাবিগুলো পূরণে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং শ্রমিকেরা এতে সন্তুষ্ট হয়েছেন। শ্রমিকনেতা ও মালিকপক্ষের প্রায় সবার সঙ্গে কথা হয়েছে। আলোচনায় উভয় পক্ষই সন্তুষ্টি প্রকাশ করেছে।
মজুরি বোর্ডের কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, সেখানে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে দর-কষাকষির মাধ্যমে মজুরি নির্ধারণ করা হবে। শ্রমিকদের জীবনমান উন্নয়নে সহায়ক হয়, এমন বিষয় বিবেচনায় নিয়ে ন্যূনতম মজুরি নির্ধারণের আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা মজুরি বোর্ডেই হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা চলমান রয়েছে। এ অবস্থায় নতুন করে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ নেই। যারা কারখানা বন্ধের চেষ্টা করছে বা উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও অভিযোগ করেন, পতিত ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কোনো মহল রাজনৈতিক স্বার্থে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।



