Homeঅর্থনীতিবিগত সরকারের জিডিপির হিসাবে অসংগতি পেয়েছে ফরেনসিক অডিট: অর্থমন্ত্রী

বিগত সরকারের জিডিপির হিসাবে অসংগতি পেয়েছে ফরেনসিক অডিট: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:

বিগত সরকারের সময়ে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাব পর্যালোচনা করে বেশ কিছু অসংগতি পাওয়া গেছে। এ বিষয়ে পরিচালিত ফরেনসিক অডিটের প্রতিবেদন বিশেষজ্ঞদের পর্যালোচনা শেষে শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (৮ নভেম্বর) জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, প্রশ্নবিদ্ধ পরিসংখ্যান দিয়ে কোনো কার্যকর কাজ করা সম্ভব নয়। এটি নিজের সঙ্গে প্রতারণার শামিল। সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে নির্ভরযোগ্য তথ্য। এ কারণে বিবিএসকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির জনবল সংকটও বিবেচনা করছে সরকার।

তিনি বলেন, অতীতের অনিয়ম ও অসংগতির গভীরে যেতে ফরেনসিক অডিট করা হয়েছে। কাউকে লক্ষ্যবস্তু করা এর উদ্দেশ্য নয়। তথ্য যত বেশি উন্মুক্ত হবে, ভুল ও অসংগতি তত বেশি সামনে আসবে এবং সংশোধনের সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বিগত সরকারের সময়ে পরিসংখ্যান ব্যবহার করে একটি নির্দিষ্ট বয়ান তৈরির চেষ্টা হয়েছে। পর্যালোচনায় জিডিপির হিসাবসহ বিভিন্ন ক্ষেত্রে অসংগতি পাওয়া গেছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির তথ্যেও বড় ধরনের গরমিল ছিল। যাদের সহায়তা পাওয়ার কথা, তাদের অনেকে তা পাননি।

তিনি আরও বলেন, আগে দেশে নৌযানের সংখ্যা ১৩ হাজার দেখানো হলেও পর্যালোচনায় প্রকৃত সংখ্যা ২ লাখ ৬৭ হাজার পাওয়া গেছে। এ ধরনের অসংগতি দূর করতে ডিজিটাল রেজিস্টার বিনিময়ের উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেন, বৈজ্ঞানিক ভিত্তিতে তৈরি নির্ভরযোগ্য তথ্য দেশের উন্নয়ন পরিকল্পনা ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, দেশের প্রকৃত অবস্থা, উন্নয়নের লক্ষ্য এবং কোথায় ভুল হচ্ছে, তা বুঝতে নির্ভুল পরিসংখ্যান প্রয়োজন। পরিসংখ্যানের ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। বিগত সরকারের সময়ের তথ্য পর্যালোচনায় জিডিপির হিসাবেও উল্লেখযোগ্য অসংগতি পাওয়া গেছে।

তিনি জানান, ভোক্তা মূল্যসূচকসহ (সিপিআই) বিভিন্ন পরিসংখ্যান এখন বিবিএস নিজস্বভাবে প্রকাশ করছে। এসব তথ্য প্রকাশে মন্ত্রীর স্বাক্ষরের প্রয়োজন হচ্ছে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার। স্বাগত বক্তব্য দেন বিবিএসের মহাপরিচালক মো. শামীমুল হক।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments