নিজস্ব প্রতিনিধি:
ছোট পর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহা বিয়ে করেছেন কি না, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। সৌদি আরবের পবিত্র নগরী মক্কা থেকে সঙ্গীর সঙ্গে দুটি ছবি প্রকাশের পর তাঁর বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। তবে বিয়ের বিষয়টি সরাসরি নিশ্চিত করেননি অভিনেত্রী। প্রকাশ করেননি সঙ্গীর পরিচয়ও।
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো প্রকাশ করেন নীহা। ক্যাপশনে তিনি জানান, জীবনের একটি বিশেষ অধ্যায় এত দিন ব্যক্তিগত রাখতে চেয়েছিলেন তাঁরা। এবার সেই আনন্দের গল্প সবার সঙ্গে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
পোস্টে নীহা লেখেন, আল্লাহ তাঁদের একটি সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং তাঁর পবিত্র ঘরে একসঙ্গে আসার সৌভাগ্য দিয়েছেন। এ জন্য তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের এই বন্ধন যেন আল্লাহর রহমত ও বরকতে পরিপূর্ণ থাকে, সেই প্রার্থনাও করেন অভিনেত্রী।
নীহার এমন বক্তব্য ও ছবি দেখে অনেকেই ধারণা করছেন, তিনি বিয়ে করেছেন। তবে এ বিষয়ে তাঁর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। এমনকি ছবিতে থাকা ব্যক্তির নাম বা পরিচয়ও প্রকাশ করেননি তিনি।
এর আগে গত জুনে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সম্পর্কের অবস্থা ‘এনগেজড’ হিসেবে উল্লেখ করেছিলেন নীহা। বিভিন্ন সময় নিজেকে সিঙ্গেল নন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। এ ছাড়া এক পাকিস্তানি যুবকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক রয়েছে—এমন গুঞ্জনও ছড়িয়েছিল। তবে এ বিষয়ে কখনো স্পষ্ট করে কিছু জানাননি অভিনেত্রী।
মক্কা থেকে প্রকাশিত ছবিগুলোর পর ভক্ত ও সহকর্মীরা তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন। অভিনন্দন ও শুভকামনায় ভরে ওঠে তাঁর পোস্টের মন্তব্যের ঘর। পরে অবশ্য মন্তব্য করার সুযোগ বন্ধ করে দেন নীহা।
এদিকে, বিয়ের খবর নিয়ে আলোচনা চললেও অভিনেত্রীর জীবনসঙ্গীর পরিচয় এবং তাঁদের সম্পর্কের প্রকৃতি এখনো অজানা।



