Homeবিবিধনগর‘যত শো বাড়ছে, ততই ভয় পাচ্ছি’: রোজী সিদ্দিকী

‘যত শো বাড়ছে, ততই ভয় পাচ্ছি’: রোজী সিদ্দিকী

নিজস্ব প্রতিনিধি:

দীর্ঘদিনের অভিনয়জীবনে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন অভিনেত্রী রোজী সিদ্দিকী। বিশেষ করে মঞ্চনাটকে এখনো সক্রিয় তিনি। তাঁর একক অভিনীত নাটক ‘পঞ্চনারী আখ্যান’-এর ৮১তম মঞ্চায়ন হয়েছে সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। নাটকটির ধারাবাহিক মঞ্চায়ন ও অভিনয়জীবনের নানা দিক নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন রোজী সিদ্দিকী। ‘পঞ্চনারী আখ্যান’-এর ৮১তম মঞ্চায়ন নিয়ে অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘যত শো বাড়ছে, ততই ভয় পাচ্ছি। সত্যিই ভয় পাচ্ছি।’

এই ভয় পাওয়ার কারণ ব্যাখ্যা করে অভিনেত্রী বলেন, দীর্ঘদিন ধরে নাটকটি মঞ্চস্থ করছেন তিনি। দেশের বাইরেও নাটকটির মঞ্চায়ন হয়েছে। দর্শকদের কাছ থেকে প্রশংসা ও ভালোবাসা পেয়েছেন। তাঁর ভাষায়, দর্শকরাই নাটকের প্রাণ। তাই প্রতিটি মঞ্চায়নের আগে তাঁর মনে প্রশ্ন জাগে, দর্শকরা এবারও অভিনয়টি ভালোভাবে গ্রহণ করবেন কি না এবং তাঁদের প্রত্যাশা পূরণ করতে পারবেন কি না।

তিনি বলেন, দর্শকদের ভালোবাসার প্রতিদান দিতে চান ভালো অভিনয়ের মাধ্যমে। একক নাটক নিয়ে এতগুলো মঞ্চায়ন করার ফলে নিজের মধ্যে বাড়তি দায়িত্ববোধ তৈরি হয়েছে। প্রতিটি প্রদর্শনীতে আগের চেয়ে আরও ভালো অভিনয় করার চেষ্টা করেন তিনি। মঞ্চের দর্শকদের অভিনয় দিয়ে জয় করাই তাঁর লক্ষ্য।

নিজের প্রত্যাশা প্রসঙ্গে রোজী সিদ্দিকী বলেন, প্রত্যাশা সব সময়ই বেশি। তবে এখন তাঁর প্রধান চাওয়া, প্রতিটি প্রদর্শনী সুন্দরভাবে সম্পন্ন করা এবং অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নেওয়া। নাটকটির প্রতি দর্শকদের ভালোবাসার জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

এক ঘণ্টা ২০ মিনিটের ‘পঞ্চনারী আখ্যান’ নাটকটির নির্দেশনা দিয়েছেন শহীদুজ্জামান সেলিম। নির্দেশক সম্পর্কে রোজী সিদ্দিকী বলেন, তিনি একজন দক্ষ পরিচালক। মনের মতো কাজ এবং শিল্পীর কাছ থেকে সেরা অভিনয় প্রত্যাশা করেন তিনি। একজন অভিনয়শিল্পী হিসেবে পরিচালকের প্রত্যাশা পূরণ করাকেও নিজের দায়িত্ব মনে করেন রোজী। মঞ্চনাটকের পাশাপাশি টেলিভিশন নাটকেও অভিনয় করছেন এই অভিনেত্রী। বর্তমানে তাঁর অভিনীত ‘ফিরে আসার গল্প’ নাটকটি প্রচার হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments