Homeআন্তর্জাতিকজেদ্দায় ষষ্ঠ হজ সম্মেলন ও প্রদর্শনী শুরু, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ

জেদ্দায় ষষ্ঠ হজ সম্মেলন ও প্রদর্শনী শুরু, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ

জেদ্দা (সৌদি আরব) প্রতিনিধি:

সৌদি আরবের জেদ্দায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চার দিনব্যাপী ষষ্ঠ ‘হজ সম্মেলন ও প্রদর্শনী’। রোববার সন্ধ্যায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনীর উদ্বোধন করেন মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সউদ বিন মিশাল বিন আবদুল আজিজ।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং ভিশন ২০৩০-এর পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

অনুষ্ঠানে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহসহ বিশ্বের প্রায় ১২০টি দেশের ধর্মমন্ত্রী ও সংশ্লিষ্ট সরকারি প্রতিনিধিরা অংশ নেন।

হজ ব্যবস্থাপনার আধুনিকায়ন, স্মার্ট সমাধান এবং প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করার লক্ষ্যে এবারের প্রদর্শনীতে ৩২৫টির বেশি আন্তর্জাতিক ও স্থানীয় প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

এদিকে, সোমবার (৯ নভেম্বর) সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের চূড়ান্ত হজ চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments