Homeবিবিধটপ ফাইভলন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৫

লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৫

পূর্ব লন্ডনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা, আহতদের দেখতে হাসপাতালে নাহিদ ইসলাম

লন্ডন প্রতিনিধি:

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ডে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ ও এনসিপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাঁদের লন্ডনের কিংস কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সময় সোমবার রাত ১০টার দিকে (বাংলাদেশ সময় ভোর চারটা) রমফোর্ডের মেফেয়ার ভেন্যুর সামনে এ ঘটনা ঘটে। সংবর্ধনা অনুষ্ঠান শেষে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সংঘর্ষের পর ঘটনাস্থলে পুলিশের পাঁচটি গাড়ি ও দুটি অ্যাম্বুলেন্স পৌঁছায়। আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে আহত পাঁচজনকে কিংস কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার পর নাহিদ ইসলাম হাসপাতালে গিয়ে আহত ব্যক্তিদের খোঁজখবর নেন।

এদিকে মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল পৌনে সাতটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম অভিযোগ করেন, সংবর্ধনা অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা সাধারণ প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

তিনি আরও দাবি করেন, অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। তাঁরা হামলা ও সহিংসতার ঘটনা প্রত্যক্ষ করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

এ ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম।

উল্লেখ্য, এর আগে গত শনিবার যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টার অভিযোগ ওঠে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে। তবে সেখানে অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয় বলে জানায় এনসিপির যুক্তরাজ্য শাখা।

জুলাই গণ-অভ্যুত্থানের পর যুক্তরাজ্যে সফররত ছাত্রনেতাদের বিভিন্ন কর্মসূচি ঘিরে আওয়ামী লীগের সমর্থকদের বিক্ষোভ ও উত্তেজনার একাধিক ঘটনা ঘটেছে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments