নিজস্ব প্রতিনিধি:
নিজস্ব আইন, বিধি ও একাডেমিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসরণ করে ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারবে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। এ বিষয়ে গত ৯ নভেম্বর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সভায় নেওয়া সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম পরিচালনা নিয়ে বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় কমিশনের সব সদস্য এবং ভার্চুয়াল মাধ্যমে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অংশ নেন।
সভায় গত ৯ নভেম্বরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এর আগে ৯ নভেম্বরের সভায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা না নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক স্বাধীনতা অক্ষুণ্ন রেখে নিজ নিজ আইন ও বিধি অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়টিও উল্লেখ করা হয়।
তবে ওই সিদ্ধান্তের পর সৃষ্ট ভুল-বোঝাবুঝি নিরসন এবং ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে স্পষ্ট অবস্থান জানাতে বুধবার বিশেষ সভা ডাকা হয়। এতে বিশ্ববিদ্যালয়গুলোর আইনগত ও প্রাতিষ্ঠানিক ক্ষমতা এবং একাডেমিক স্বায়ত্তশাসনের বিষয়গুলো পর্যালোচনা করা হয়।
বিস্তারিত আলোচনা শেষে সভায় সর্বসম্মতিক্রমে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে প্রথম সিদ্ধান্তে ৯ নভেম্বরের সভায় গৃহীত সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।
দ্বিতীয় সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ আইন, সংবিধি, বিধি, প্রবিধান, নীতিমালা এবং যথাযথ একাডেমিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসরণ করে ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে।
সভায় বলা হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম ও একাডেমিক বিষয়ে প্রযোজ্য আইনগত কাঠামোর মধ্যে তাদের স্বায়ত্তশাসন ও স্বাধীনতা রয়েছে। ভর্তি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয়গুলোর আইনগত ক্ষমতা, একাডেমিক স্বায়ত্তশাসন এবং শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।



