নিজস্ব প্রতিনিধি:
ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং সরবরাহ স্বাভাবিক রাখতে দেশব্যাপী বিশেষ তদারকি অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার ঢাকা মহানগরসহ দেশের ৩৪টি জেলায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৮৯টি প্রতিষ্ঠানকে মোট ১৪ লাখ ৯৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অধিদপ্তরের ৫১টি দল একযোগে পাইকারি ও খুচরা পর্যায়ের ব্যবসাপ্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করে।
অধিদপ্তর জানায়, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি ও সরবরাহ ব্যবস্থা পর্যবেক্ষণ, হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রি বন্ধে অভিযান চালানো হয়। এ ছাড়া ওজন ও পরিমাপে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি এবং নকল ও ভেজাল পণ্যের উৎপাদন ও বিপণন প্রতিরোধে তদারকি করা হয়। হোটেল-রেস্তোরাঁয় সংশ্লিষ্ট বিধিবিধান প্রতিপালনের বিষয়টিও দেখা হয়।
অভিযানকালে ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মজুদ এবং পণ্যের সরবরাহে প্রতিবন্ধকতা তৈরি না করার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে সতর্ক করা হয়।
এদিকে একই দিনে রাজধানীর পল্টন এলাকায় ‘গণস্বাস্থ্য হোমিও’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম এবং ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। বাংলাদেশ হোমিও চিকিৎসা কাউন্সিলের পরীক্ষা নিয়ন্ত্রক অভিযানে সহযোগিতা করেন।
অধিদপ্তর জানায়, প্রতিষ্ঠানটির ফার্মেসিতে লাইসেন্স না থাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ফার্মাসিস্ট নিয়োগ না করা এবং ওষুধ পুনরায় মোড়কজাত করে মেয়াদ উল্লেখ করাসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ও ৫১ ধারায় প্রতিষ্ঠানটিকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ড্রাগ লাইসেন্স গ্রহণ, মেয়াদোত্তীর্ণ ওষুধ আলাদাভাবে সংরক্ষণ এবং সনদধারী ফার্মাসিস্ট নিয়োগের নির্দেশ দেওয়া হয়।
অভিযানে জনসচেতনতা বাড়াতে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয়। সংশ্লিষ্ট বিভাগ ও জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা তদারকি কার্যক্রমে সহযোগিতা করেন।
ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কেনার পরামর্শ দিয়েছে অধিদপ্তর। পণ্য কেনার আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। কেনাকাটার সময় বিক্রেতার কাছ থেকে ভাউচার সংগ্রহেরও অনুরোধ করা হয়েছে।
পণ্য কেনার ক্ষেত্রে কোনো অনিয়ম বা প্রতারণার শিকার হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১-এ অভিযোগ জানাতে বলা হয়েছে।
বাজারে শৃঙ্খলা ও ন্যায্যমূল্য নিশ্চিত করা, পণ্যের স্বাভাবিক সরবরাহ বজায় রাখা এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।



