জুলাই সনদের গণরায় মেনে রাজনৈতিক সংকট নিরসনের আহ্বান গোলাম পরওয়ারের

স্টাফ করেসপন্ডেন্ট

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদের ওপর গণভোটে জনগণের দেওয়া রায় উপেক্ষা করেই দেশে বর্তমান রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। অবিলম্বে জনগণের গণরায় মেনে নিয়ে সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, হামলা, অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও জননিরাপত্তাহীনতা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। পুলিশ ও সরকারি স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ পরিস্থিতিতে রাষ্ট্রপতিকেও রাষ্ট্রের অভিভাবক হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান জামায়াতের এই নেতা।

তিনি অভিযোগ করেন, দেশে পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের চেষ্টা চলছে। প্রশাসনের ভেতরে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

১২ ফেব্রুয়ারির নির্বাচনের পাশাপাশি জুলাই সনদের পক্ষে গণভোটে জনগণের দেওয়া রায় উপেক্ষা করার সুযোগ নেই উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, সংবিধান সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়নে সরকার ও বিরোধী দলকে সংসদীয় প্রক্রিয়ায় একসঙ্গে কাজ করতে হবে। রাজপথে না ঠেলে চলমান সংকটের সমাধান সংসদেই খুঁজে বের করতে হবে।

দেশবাসীর প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পাশাপাশি দেশের শিল্প-কারখানা ও অর্থনীতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিল্পের স্বার্থও রক্ষা করতে হবে।

মিয়া গোলাম পরওয়ার জানান, চলমান সন্ত্রাস ও সহিংসতার প্রতিবাদে আগামী ২১ নভেম্বর শনিবার রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী। ডিসেম্বরজুড়েও সংগঠনটির কর্মসূচি থাকবে। ফ্যাসিবাদের পুনর্বাসন রোধে সব রাজনৈতিক দল ও দেশপ্রেমিক শক্তিকে নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি নিয়ে মাঠে নামার আহ্বান জানান তিনি।

বিরোধী দল হিসেবে সরকারের ভালো ও জনকল্যাণমূলক কাজে জামায়াতে ইসলামী সহযোগিতা করবে জানিয়ে তিনি বলেন, জনগণের গণরায় উপেক্ষা করে দেশ পরিচালনার চেষ্টা করলে রাজনৈতিক সংকট আরও গভীর হবে।

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি ও মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন ও অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং সেক্রেটারি ড. রেজাউল করিম উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments