Homeজাতীয়১০০ দিনের কর্মসূচি ঘোষণা উত্তর জামায়াতের

১০০ দিনের কর্মসূচি ঘোষণা উত্তর জামায়াতের

নিজস্ব প্রতিনিধি:

নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা, সহিংসতা ও নাশকতা প্রতিরোধ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। কর্মসূচির অংশ হিসেবে ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মহানগরীর প্রতিটি প্রশাসনিক ওয়ার্ডে প্রতিদিন একটি করে নাগরিক সমাবেশ আয়োজন করা হবে।

শুক্রবার রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি বলেন, কেন্দ্রীয় সংগঠনের ঘোষিত ৪০ দিনের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে তা বাস্তবায়নের পাশাপাশি মহানগরী উত্তরের পক্ষ থেকে আরও ৬০ দিনের কর্মসূচি নেওয়া হয়েছে। সব মিলিয়ে ১০০ দিনের কর্মসূচিতে প্রতিটি ওয়ার্ডে নাগরিক সমাবেশ, মিছিল, সভা ও গণসংযোগ করা হবে। দল-মত, ধর্ম ও বর্ণনির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে এসব সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সেলিম উদ্দিন বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, হামলা ও সংঘর্ষের ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনায় নিরপেক্ষ তদন্ত, দ্রুত বিচার এবং অপরাধীদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

জুলাই সনদ বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি অভিযোগ করেন, গণভোটে সনদের পক্ষে জনরায় আসার পরও সরকার রাষ্ট্রীয় সংস্কারে আগ্রহ দেখাচ্ছে না। সংসদে জুলাই সংস্কার পরিষদের শপথ নিয়ে সনদের বিষয়গুলো বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

সেলিম উদ্দিন জানান, রমজান মাসে ইফতার মাহফিল ও গণসংযোগসহ বিভিন্ন কর্মসূচি থাকবে। এ ছাড়া নাগরিকদের ঘরে বসে বিভিন্ন সেবা দেওয়ার লক্ষ্যে মহানগরী উত্তর জামায়াত একটি ডিজিটাল অ্যাপ তৈরি করেছে। এ বিষয়ে পরে পৃথক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

সংবাদ সম্মেলনে সঞ্চালনা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমির আব্দুর রহমান মূসা ও ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত এবং প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments