Homeজাতীয়মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতায় প্রতিষ্ঠিত বাংলাদেশকে বিশ্বের দরবারে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর।

শনিবার ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক খেতাব পাওয়া গৌরবের বিষয়। তবে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয় অর্জনের গৌরব আরও বড়। এক জীবনে সবার পক্ষে এমন গৌরব অর্জন সম্ভব হয় না। এ কারণেই বীর মুক্তিযোদ্ধারা অনন্য ও অসাধারণ।

অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, আবার কারও পরিবারের সদস্য মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবাই মুক্তিযুদ্ধের গৌরবের অংশীদার।

তিনি বলেন, লাখো মানুষের প্রাণ, অসংখ্য মা-বোনের সম্ভ্রম, আহত মানুষের আর্তনাদ ও পঙ্গুত্বের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়েছে। এদিন তিনি মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করেন।

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়াকে রাষ্ট্রের দায়িত্ব উল্লেখ করে তারেক রহমান বলেন, তাঁদের সম্মানিত করার মধ্য দিয়ে রাষ্ট্র সেই দায়িত্ব কিছুটা হলেও পালনের চেষ্টা করেছে।

নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনিও গর্বিত। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের যেকোনো গৌরব ও সাফল্য তাঁকে আন্দোলিত করে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন—এটিও বাহিনীর জন্য গর্বের বিষয় বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের রায়ে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। মুক্তিযুদ্ধের গৌরবগাথা সমুন্নত রাখা এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করতে ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। ২০০২ সালে প্রণয়ন করা হয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন। তাঁর মতে, এটি ছিল সময়োপযোগী সিদ্ধান্ত।

বয়সের ভারে অনেক মুক্তিযোদ্ধা ক্লান্ত হয়ে পড়লেও তাঁদের চোখে স্বাধীনতার দীপ্তি এখনো উজ্জ্বল বলে মন্তব্য করেন তারেক রহমান। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মুক্তিযোদ্ধাদের আনুষ্ঠানিকভাবে সম্মান জানাতে সশস্ত্র বাহিনী বিভাগ প্রতিবছর যে উদ্যোগ নেয়, তার প্রশংসা করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের প্রতিষ্ঠিত স্বাধীন বাংলাদেশকে বর্তমান বাস্তবতায় বিশ্বের দরবারে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে সরকার কাজ করবে। মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত থাকবে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments