Homeরাজনীতিবিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: নজরুল ইসলাম খান

বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিনিধি:

বিএনপির নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস বা অন্য কোনো অপকর্মে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।

তিনি বলেন, বিএনপির প্রকৃত নেতাকর্মীরা অন্যায়, অনাচার, চাঁদাবাজি কিংবা দখলদারির সঙ্গে জড়িত নন। কেউ এসব কর্মকাণ্ডে যুক্ত হলে তাকে বিএনপির কর্মী হিসেবে বিবেচনা করা হবে না।

সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, যারা শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে রাজনীতি করেছেন, তারা নিজেদের স্বার্থে অন্যায়, অনাচার, চাঁদাবাজি বা দখলদারির সঙ্গে জড়িত নন।

বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রকৃত নেতাকর্মীরাও এসব কর্মকাণ্ডে জড়িত নন বলে দাবি করে তিনি বলেন, কারও কর্মকাণ্ডের কারণে বিএনপির সমালোচনার সুযোগ তৈরি হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।

তিনি বলেন, ‘যে প্রকৃত সৈনিক, শহীদ জিয়ার কর্মী, দেশনেত্রীর কর্মী ও তারেক রহমানের কর্মী, সে অপরাধী হতে পারে না। সে চাঁদাবাজ হতে পারে না, দখলবাজ হতে পারে না, সন্ত্রাসী হতে পারে না। যদি কেউ এসব করে, সে বিএনপির কর্মী নয়।’

দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে শ্রমজীবী মানুষ—উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, অস্থিরতার কারণে শিল্প-বাণিজ্য, কর্মসংস্থান এবং মানুষের আয়-উপার্জন ক্ষতিগ্রস্ত হবে।

দেশের শান্তি ও অর্থনৈতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments