Homeবিবিধধর্মহজযাত্রীদের জন্য ২০২৭ মৌসুমে নতুন সমন্বিত প্যাকেজ সৌদির

হজযাত্রীদের জন্য ২০২৭ মৌসুমে নতুন সমন্বিত প্যাকেজ সৌদির

সৌদি আরব প্রতিনিধি

হজযাত্রীদের সেবা আরও সহজ ও সমন্বিত করতে ২০২৭ সালের হজ মৌসুমে নতুন প্যাকেজ চালুর উদ্যোগ নিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। নতুন ব্যবস্থায় আবাসন, খাবার, পরিবহন এবং পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় বিভিন্ন সেবা একটি সমন্বিত চুক্তির আওতায় দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

মন্ত্রণালয়ের উদ্যোগে এসব প্যাকেজ একটি ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হবে। ফলে হজযাত্রীরা সৌদি আরবে প্রবেশের পর থেকে হজ শেষে নিজ নিজ দেশে ফিরে যাওয়া পর্যন্ত নির্ধারিত সেবার আওতায় থাকবেন।

নতুন প্যাকেজে মক্কা ও মদিনায় আবাসনের পাশাপাশি যাতায়াত, খাবার সরবরাহ এবং পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় বিভিন্ন সেবা অন্তর্ভুক্ত থাকবে। এর বাইরে হজযাত্রীরা নিজেদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী অতিরিক্ত কিছু সেবাও বেছে নিতে পারবেন।

সৌদি কর্তৃপক্ষের আশা, নতুন ডিজিটাল ব্যবস্থার ফলে বিশ্বের বিভিন্ন দেশের হজ এজেন্সিগুলো তাদের যাত্রীদের প্রয়োজন অনুযায়ী আরও নমনীয় ও মানসম্মত হজ প্যাকেজ তৈরি করতে পারবে। একই সঙ্গে বিভিন্ন সেবার মধ্যে সমন্বয় বাড়বে এবং ব্যবস্থাপনা আরও সহজ হবে।

১৪৪৮ হিজরি হজ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে। সৌদি সরকারের ‘ভিশন ২০৩০’-এর আওতায় হজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার যে পরিকল্পনা রয়েছে, নতুন প্যাকেজকে তারই অংশ হিসেবে দেখা হচ্ছে।

হজ ব্যবস্থাপনা নিয়ে প্রস্তুতি জোরদার করতে এরই মধ্যে ৭৫টির বেশি দেশের হজ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

হজযাত্রীদের সেবা ব্যবস্থাকে আরও গতিশীল করতে সৌদি আরব সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও ডিজিটাল সেবা চালু করেছে। নতুন সমন্বিত প্যাকেজের মাধ্যমে আবাসন থেকে শুরু করে পরিবহন ও অন্যান্য সেবাকে একই ব্যবস্থার আওতায় এনে হজ ব্যবস্থাপনায় আরও সমন্বিত কাঠামো গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments