Homeজাতীয়আধুনিক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে আনসার-ভিডিপি একাডেমি পরিদর্শন মহাপরিচালকের

আধুনিক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে আনসার-ভিডিপি একাডেমি পরিদর্শন মহাপরিচালকের

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণের মানোন্নয়ন, সাংগঠনিক সমন্বয় জোরদার এবং আধুনিক প্রশিক্ষণ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমি পরিদর্শন করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

শনিবার (১৭ অক্টোবর) পরিদর্শনকালে তিনি একাডেমিতে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন, ২৮তম রিক্রুট সিপাহি (পুরুষ) ব্যাচের প্রশিক্ষণার্থীদের দিকনির্দেশনামূলক লেকচার দেন এবং নবনির্মিত সিমুলেটর ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করেন। এ ছাড়া তিনি বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে মহাপরিচালক সাংগঠনিক সমন্বয়, দায়িত্ব পালনে অভিন্ন মানদণ্ড অনুসরণ, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পরে রিক্রুট সিপাহি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে দেওয়া লেকচারে তিনি বাহিনীর সাংগঠনিক কাঠামো, লক্ষ্য ও জননিরাপত্তায় ভূমিকা তুলে ধরেন। ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসার, অঙ্গীভূত আনসার, গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) ও টাউন ডিফেন্স পার্টির (টিডিপি) কার্যক্রম এবং পারস্পরিক সমন্বয়ের গুরুত্ব ব্যাখ্যা করে তিনি প্রশিক্ষণার্থীদের দেশপ্রেম, সততা, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ ও জনগণের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।

একাডেমির কারিগরি, কুটিরশিল্প ও পেশাভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনকালে মহাপরিচালক হস্ত ও কারুশিল্পের প্রশিক্ষণ এবং উৎপাদন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। হসপিটালিটি ম্যানেজমেন্ট প্রশিক্ষণ কোর্সের আওতায় থাই-চাইনিজ, বাঙালি ও ভারতীয় খাবার প্রস্তুত, কফি ও জুস তৈরি এবং সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রমও ঘুরে দেখেন তিনি।

এ সময় প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের নিয়মিত অনুশীলন এবং হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে বাস্তবমুখী ও আয়বর্ধক দক্ষতা অর্জনের নির্দেশনা দেন মহাপরিচালক। অর্জিত জ্ঞান অন্যদের মধ্যে ছড়িয়ে দিয়ে দক্ষ জনবল তৈরিতে ভূমিকা রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।

পরিদর্শনের অংশ হিসেবে মহাপরিচালক একাডেমির নবনির্মিত সিমুলেটর ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করেন। পরে ১০০ মিটার ফায়ারিং রেঞ্জ ও ফায়ারিং প্রশিক্ষণের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পাশাপাশি ড্রাইভিং সিমুলেটর পরিদর্শন করে আধুনিক প্রযুক্তিনির্ভর ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের পেশাগত দক্ষতা, নিরাপদ অনুশীলন এবং অপারেশনাল প্রস্তুতি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

প্রযুক্তি ও জ্বালানি ব্যবস্থাপনার বিষয়ে তিনি সৌরবিদ্যুতের মাধ্যমে একাডেমির বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এ ছাড়া একাডেমির কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক বাসস্থান, নির্মাণাধীন মসজিদ কমপ্লেক্স এবং অরণ্য রিসোর্ট পরিদর্শন করেন। এ সময় প্রশিক্ষণ অবকাঠামোর আধুনিকায়ন, বিকল্প জ্বালানির কার্যকর ব্যবহার, আবাসনসুবিধার উন্নয়ন এবং প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের জননিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং আর্থসামাজিক উন্নয়নে প্রশিক্ষিত ও দক্ষ জনবল গড়ে তুলতে কাজ করছে। মহাপরিচালকের এ পরিদর্শন বাহিনীর প্রশিক্ষণব্যবস্থার আধুনিকায়ন, সাংগঠনিক সমন্বয় জোরদার এবং কারিগরি ও পেশাভিত্তিক দক্ষতা বৃদ্ধির চলমান উদ্যোগকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments