লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) রাতের আঁধারে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক ৩টার দিকে পাটগ্রামের বুড়িমারী বামনদল সীমান্তের ৮৩৮/১ নম্বর মেইন পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পুশ-ইনের চেষ্টার শিকার ব্যক্তিদের মধ্যে দুই শিশু, দুই নারী ও আটজন পুরুষ রয়েছেন।
বিষয়টি টের পেয়ে সীমান্তে দায়িত্বরত বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবস্থান নেয়। বিজিবির বাধার মুখে ওই ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ হয়।
স্থানীয় সূত্র জানায়, বাংলাদেশে প্রবেশ করতে না পেরে ওই ১২ জন বর্তমানে সীমান্তের জিরো লাইন থেকে প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। এদিকে, নতুন করে পুশ-ইন বা অনুপ্রবেশের চেষ্টা ঠেকাতে সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে বিজিবি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহিনুল ইসলাম শাহীন বলেন, সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করা হয়েছিল। তবে বিজিবির সতর্ক টহল দলের বাধায় তা ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির নজরদারি অব্যাহত রয়েছে।



