Homeআন্তর্জাতিকবিক্ষোভ সামাল দিতে ব্যর্থতা: স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের প্রস্তাব নাকচ ম্যাক্রোঁর

বিক্ষোভ সামাল দিতে ব্যর্থতা: স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের প্রস্তাব নাকচ ম্যাক্রোঁর

আন্তর্জাতিক ডেস্ক:

ফ্রান্সে চলমান বিক্ষোভ, লুটপাট ও সহিংসতা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে সমালোচনার মুখে স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজের পদত্যাগের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান সোমবার (১৯ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দেশজুড়ে সহিংসতা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে চাপ বাড়তে থাকায় পদত্যাগের প্রস্তাব দেন নুনেজ। সংকট আরও তীব্র হওয়ার পেছনে পরিস্থিতি পূর্বাভাস ও গোয়েন্দা তথ্য সংগ্রহে ব্যর্থতা ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে।

ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্যালেস জানিয়েছে, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর নেতৃত্ব ও কমান্ডের ধারাবাহিকতা বজায় রাখতে নুনেজকে স্বপদে বহাল থাকার নির্দেশ দিয়েছেন ম্যাক্রোঁ। একই সঙ্গে লুটপাট মোকাবিলা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত নতুন কৌশল প্রণয়নের নির্দেশও দিয়েছেন তিনি।

সংকট নিরসনে নিরাপত্তা বাহিনীর জন্য নতুন কর্মপদ্ধতি নির্ধারণের ওপরও গুরুত্ব দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট।

সাম্প্রতিক বছরগুলোর মধ্যে গত শনিবার ফ্রান্সে অন্যতম সহিংস দিন পার হয়। এদিন দেশটির বিভিন্ন শহরে সরকারি ভবনে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া শত শত দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। প্রতিবেদনে অন্তত ২ হাজার ৪০০ জনকে গ্রেপ্তারের কথা উল্লেখ করা হয়েছে।

সোমবার এক টেলিভিশন সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী নুনেজ স্বীকার করেন, বিক্ষোভ চলাকালে কয়েকটি শহরে পুলিশ পরিস্থিতির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল।

দেশজুড়ে সহিংসতা নিয়ন্ত্রণে সরকারের ওপর চাপ বাড়লেও স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে বহাল রাখার সিদ্ধান্তের মাধ্যমে নিরাপত্তা বাহিনীর নেতৃত্বে ধারাবাহিকতা বজায় রাখতে চাইছেন ম্যাক্রোঁ।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments