নিজস্ব প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে রাজধানীর পূজামণ্ডপগুলোর নিরাপত্তা কার্যক্রম তদারকি করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এর অংশ হিসেবে সোমবার বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) পূজামণ্ডপ পরিদর্শন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, দায়িত্ব পালনরত আনসার-ভিডিপি সদস্যদের কার্যক্রম এবং পূজা উদযাপন কমিটির সঙ্গে নিরাপত্তা সমন্বয় পর্যালোচনা করেন। এ সময় উপস্থিত ব্যক্তিদের শারদীয় শুভেচ্ছা জানান এবং শুভেচ্ছা উপহার দেন। পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানানো হয়।
মহাপরিচালক বলেন, দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আনসার-ভিডিপি সদস্যরা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। পূজা উদযাপন কমিটি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মণ্ডপকেন্দ্রিক বিশৃঙ্খলা ও সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, এবারের পূজায় বিভিন্ন মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’-এর মাধ্যমে তাৎক্ষণিক সাড়াদানের ব্যবস্থা নিরাপত্তা কার্যক্রমে সহায়তা করছে। ব্যক্তিগত উদ্যোগে নিজস্ব প্রাঙ্গণে আয়োজিত পূজামণ্ডপগুলোও বাহিনীর মনিটরিং টিমের নজরদারিতে রয়েছে।
দায়িত্ব পালনরত সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখার নির্দেশ দিয়ে মহাপরিচালক বলেন, গুজব, অপপ্রচার বা উসকানির মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সুযোগ দেওয়া যাবে না। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দ্রুত ও বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
নিরাপত্তা দায়িত্বের পাশাপাশি আনসার-ভিডিপি সদস্যরা পূজামণ্ডপে হারিয়ে যাওয়া শিশুদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া, বয়স্ক দর্শনার্থীদের সহযোগিতা, শৃঙ্খলা বজায় রাখা এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় কাজ করছেন বলে জানানো হয়। কিশোর গ্যাংয়ের তৎপরতা, নারীকে উত্ত্যক্ত করা এবং সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণেও সদস্যরা দায়িত্ব পালন করছেন।
ধর্মীয় সম্প্রীতি, জননিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বাহিনীর এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়।



