নিজস্ব প্রতিনিধি:
বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও পাকিস্তান। দুই দেশের সম্পর্ক আরও জোরদার করতে ভবিষ্যৎমুখী উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা।
সোমবার ঢাকায় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। রাজধানীর মিন্টো রোডের ২৯ নম্বরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নতুন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। পাকিস্তানের হাইকমিশনার বলেন, দুই দেশের সম্পর্ক ইতিবাচক ধারায় এগোচ্ছে। এ ক্ষেত্রে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদের সফরের বিষয়টি তুলে ধরেন তিনি।
ইমরান হায়দার বৈঠকে নলেজ করিডর প্রকল্পের চলমান কার্যক্রম সম্পর্কেও শফিকুর রহমানকে অবহিত করেন। এ সময় জানানো হয়, বাংলাদেশের শিক্ষাবিদদের একটি প্রতিনিধি দল সম্প্রতি পাকিস্তান সফর করে দেশটির শিক্ষাব্যবস্থা ও প্রাতিষ্ঠানিক কাঠামো সম্পর্কে ধারণা নিয়েছে। সফরের অভিজ্ঞতায় প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেছে বলেও বৈঠকে উল্লেখ করা হয়।
বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ, শিক্ষা ও গবেষণায় অংশীদারত্ব জোরদার, সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
পাকিস্তানের হাইকমিশনার দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। দ্বিপক্ষীয় যোগাযোগ অব্যাহত রাখা এবং সহযোগিতামূলক উদ্যোগ গ্রহণের বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে পাকিস্তানের উপহাইকমিশনার মুহাম্মদ ওয়াসিফ ও রাজনৈতিক কাউন্সেলর কামরান ডাঙ্গাল উপস্থিত ছিলেন। এ ছাড়া বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমদ মাবরুর বৈঠকে অংশ নেন।



