Homeরাজনীতিবগুড়ায় স্লোগান দেওয়ার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ায় স্লোগান দেওয়ার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি:

বগুড়া শহরের সাতমাথায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাদিয়াদ হুসাইন ওরফে বর্ণ (২৬) নামের ওই নেতাকে বুধবার (২১ অক্টোবর) ভোরে গাবতলী উপজেলার কামারচট্র এলাকায় তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া শহরের সাতমাথায় এক ব্যক্তিকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দেখা যায়। পরে তিনি টেম্পল রোড হয়ে ফতেহ আলী বাজারের দিকে হেঁটে যান। ঘটনার পর ছবি পর্যালোচনা করে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করে পুলিশ।

গ্রেপ্তার বর্ণ গাবতলী উপজেলার কামারচট্র গ্রামের মৃত শাহিনুর প্রামাণিকের ছেলে। পুলিশ তাঁকে নিষিদ্ধ ঘোষিত গাবতলী উপজেলা ছাত্রলীগের ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবে উল্লেখ করেছে।

গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন জানান, বর্ণের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন-সংশ্লিষ্ট একটি মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারেও ছিলেন। তাঁর বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগও রয়েছে।

পুলিশ জানায়, পরিচয় শনাক্তের পর বুধবার ভোরে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তবে সাতমাথায় স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে পৃথক কোনো মামলা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments