ভোলা প্রতিনিধি:
সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। সাংবাদিক, সরকার ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি।
বুধবার রাতে নিজের সংসদীয় আসন ভোলা-১-এর বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
আন্দালিব রহমান পার্থ বলেন, আইন সংশোধনের বিষয়ে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্রের মালিকসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। এর লক্ষ্য সাংবাদিক, সরকার ও সাধারণ মানুষের জন্য যথাযথ সুরক্ষা নিশ্চিত করা।
তিনি বলেন, আইন সংশোধনের প্রক্রিয়াটি চলমান। আশা করা হচ্ছে, এ প্রক্রিয়ার মধ্য দিয়ে আরও ভালো কিছু সামনে আসবে।
দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, হিন্দু-মুসলমান সবাই মিলেমিশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করছেন। নির্বাচন-পূর্ব সময় থেকেই নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে এবং পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্ত্রী আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলে তিনি কোথাও বিশেষ কোনো নিরাপত্তা-উদ্বেগের কথা জানতে পারেননি।
নেত্রকোনায় এক সাংবাদিক হত্যার ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে পার্থ বলেন, সাংবাদিক কিংবা অন্য কোনো নাগরিকের বিরুদ্ধে এ ধরনের ঘটনা ঘটলে দেশের প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতারা এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



