নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় ট্রাকের চাপায় শামীম (৩৫) নামে এক মুরগি ব্যবসায়ীর সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় ব্যাটারিচালিত রিকশা-ভ্যানের চালক রাসেল (২০) গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান।
পুলিশ জানায়, ভোরে কাপ্তান বাজার থেকে মুরগি কিনে ব্যাটারিচালিত রিকশা-ভ্যানে করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাচ্ছিলেন শামীম ও চালক রাসেল। পথে যাত্রাবাড়ী চৌরাস্তায় একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শামীমের মৃত্যু হয় এবং রাসেল গুরুতর আহত হন।
আহত রাসেলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শামীমের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এসআই মো. মিজানুর রহমান জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।
নিহত শামীমের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পূর্ব টিয়াখালী গ্রামে। তিনি শাহজাহানের ছেলে। দুর্ঘটনার খবর পেয়ে মুরগির ব্যবসায়ী ঘটনাস্থলে এসে মুরগিগুলো নিয়ে যান।



