Homeঅর্থনীতিসাইবার হামলার ঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সাইবার হামলার ঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

বিশ্বজুড়ে নিরাপত্তা উদ্বেগের মধ্যে সতর্কতামূলক পদক্ষেপ, স্বাভাবিক রয়েছে অনলাইন ও মোবাইল ব্যাংকিং

নিজস্ব প্রতিনিধি:

সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট। তবে ওয়েবসাইট বন্ধ থাকলেও ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ওয়েবসাইটে কোনো ত্রুটি রয়েছে কি না, তা পরীক্ষা করা হচ্ছে। বিশ্বব্যাপী সাইবার হামলার আশঙ্কার পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়েছে। এতে গ্রাহকদের লেনদেনে কোনো সমস্যা হচ্ছে না।

সাম্প্রতিক সময়ে ওয়েবসাইট পরিচালনায় বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন দেশের সরকারি সংস্থা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সম্ভাব্য হামলার ঝুঁকি কমাতে তাদের ওয়েবসাইটের নিরাপত্তা পরীক্ষা এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।

বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনের বরাতে জানা গেছে, নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বুধবার রাত থেকে বিশ্বের বিভিন্ন দেশে একাধিক ওয়েবসাইট সাময়িকভাবে অফলাইনে নেওয়া হয়েছে। ত্রুটিগুলো কাজে লাগিয়ে বিপুলসংখ্যক সাইবার হামলার চেষ্টা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পিএইচপি সরকারি সেবা, ব্যাংকিং, ই-কমার্স, সংবাদমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ব্যবহৃত একটি বহুল প্রচলিত প্রোগ্রামিং ভাষা। এতে নিরাপত্তা দুর্বলতা শনাক্ত হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের ওয়েবসাইট ও ডিজিটাল অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর হয়েছে।

এ পরিস্থিতিতে সম্ভাব্য ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নিজস্ব ওয়েবসাইট বন্ধ রেখেছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট বন্ধ থাকার সঙ্গে ব্যাংকিং লেনদেনের কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানানো হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments