নিজস্ব প্রতিনিধি:
নতুন উদ্যোক্তা তৈরি এবং শিল্প খাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে পঞ্চগড়ে এক মাসব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নাধীন Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP) প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের সার্বিক তত্ত্বাবধানে যমুনা ব্যাংক পিএলসির মাধ্যমে প্রশিক্ষণটি পরিচালিত হচ্ছে।
গত ১৯ অক্টোবর পঞ্চগড়ে অবস্থিত আরডিআরএস ট্রেনিং সেন্টারে কর্মশালার উদ্বোধন করা হয়। এক মাসব্যাপী এ প্রশিক্ষণের মোট মেয়াদ ১০০ ঘণ্টা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন SICIP-এর নির্বাহী প্রোগ্রাম পরিচালক (ইপিডি) ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ ওয়ালিদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন SICIP-এর উপ-নির্বাহী প্রোগ্রাম পরিচালক (ডিইপিডি) ও অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাইনুল হাসান, সহকারী নির্বাহী প্রোগ্রাম পরিচালক (এইপিডি) ও উপসচিব মাহমুদা আক্তার এবং SICIP-এর প্রোগ্রাম পরিচালক (পিডি) ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. মাসুম বিল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসা কর্মকর্তা (সিবিও) নূর মোহাম্মদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও উপপ্রকল্প পরিচালক মো. ওয়াসিম, যমুনা ব্যাংকের এসএমই মার্কেটিং বিভাগের প্রধান ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এসএভিপি) নসরুল হাদি মোহাম্মদ নুসরাত এবং ব্যাংকটির পঞ্চগড় শাখার ব্যবস্থাপক ও অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) মো. রাশেদ মামুন।
প্রধান অতিথি মোহাম্মদ ওয়ালিদ হোসেন নতুন উদ্যোক্তা তৈরির এ উদ্যোগকে দেশ ও অর্থনীতির জন্য একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেন। বক্তব্যে তিনি প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট অতিথি, প্রশিক্ষণার্থী, কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান।



