টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:
দীর্ঘদিনের বিচারপ্রত্যাশার পর আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ে নতুন আশার আলো দেখছেন কক্সবাজারের আশ্রয়শিবিরে থাকা রোহিঙ্গারা। মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার দায় প্রতিষ্ঠার এই সিদ্ধান্তকে ঐতিহাসিক অগ্রগতি হিসেবে দেখছেন তারা। তবে তাদের কাছে রায়ের তাৎপর্য শুধু বিচারপ্রাপ্তিতে সীমাবদ্ধ নয়; এর মধ্য দিয়ে নিজ জন্মভূমিতে নিরাপদে ও মর্যাদার সঙ্গে ফিরে যাওয়ার পথ তৈরি হবে—এমন প্রত্যাশাও করছেন তারা।
বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে আইসিজে রায় ঘোষণার সময় কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে বড় পর্দায় সরাসরি সম্প্রচার দেখেন শত শত রোহিঙ্গা। রায়ের বিভিন্ন অংশ দেখার সময় অনেকের মনে পড়ে যায় ২০১৭ সালে রাখাইনে সংঘটিত সহিংসতা, স্বজন হারানোর বেদনা ও দেশ ছেড়ে পালানোর ভয়াবহ অভিজ্ঞতা। এসব স্মৃতি মনে করে অনেকে কান্নায় ভেঙে পড়েন।
২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর দমন-পীড়ন ও নির্যাতনের মুখে প্রাণ বাঁচাতে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। তাদের বড় অংশ কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয়শিবিরে বসবাস করছেন। বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর থেকেই তারা স্বজনদের হত্যাসহ নির্যাতনের বিচার এবং নিরাপদে নিজ দেশে ফেরার দাবি জানিয়ে আসছেন।
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে ২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে। বৃহস্পতিবার ঘোষিত রায়ে ৯-৬ ভোটে আদালত রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করেন। পাশাপাশি গণহত্যা প্রতিরোধ এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করার বাধ্যবাধকতা পালনে দেশটির ব্যর্থতার বিষয়টিও রায়ে উঠে আসে।
জামতলী ক্যাম্পের বাসিন্দা আলী আকবর বলেন, ২০১৭ সালে রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনীর দমন-পীড়ন শুরু হলে চোখের সামনে পাড়াপ্রতিবেশীদের হত্যা হতে দেখেছেন তিনি। প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। এরপর থেকে জন্মভূমিতে ফেরার আকাঙ্ক্ষার পাশাপাশি স্বজনদের হত্যার বিচার চেয়ে আসছেন।
তিনি বলেন, দীর্ঘদিন পর আইসিজের রায় দেখে হারানো স্বজনদের কথা মনে পড়ে যায়। সেই নির্মম স্মৃতি মনে করে তিনি কান্নায় ভেঙে পড়েন।
আরেক রোহিঙ্গা মোহাম্মদ ইউসুফ বলেন, আইসিজেতে মামলার রায় ঘোষণার সময় ক্যাম্পে বড় পর্দায় তা দেখার জন্য অপেক্ষা করছিলেন। পরে শত শত রোহিঙ্গা একসঙ্গে রায়টি দেখেন। বিশ্ববাসীও এ সিদ্ধান্ত প্রত্যক্ষ করেছেন।
তার ভাষ্য, শুধু রায় ঘোষণা করলেই হবে না, এর বাস্তবায়নও নিশ্চিত করতে হবে। রোহিঙ্গাদের নিজ জন্মভূমিতে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
রোহিঙ্গা নেতা সৈয়দ উল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে তারা ন্যায়বিচারের অপেক্ষায় ছিলেন। আইসিজের রায় ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে রায়ের বাস্তবায়ন এবং নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, মিয়ানমারের ওপর চাপ বাড়িয়ে তাদের নিজ দেশে ফেরার ব্যবস্থা করতে হবে। এই রায়ের মধ্য দিয়ে প্রত্যাবাসনের পথ সুগম হবে বলে আশা করছেন তারা। এখন আর মিয়ানমারের কোনো টালবাহানা শুনতে চান না; নিজ জন্মভূমিতে ফিরে যেতে চান।
কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আইসিজের রায় রোহিঙ্গাদের পরিচয় ও অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রোহিঙ্গাদের বহিরাগত হিসেবে উপস্থাপনের যে বয়ান মিয়ানমার দিয়ে আসছে, তার বিপরীতে এ রায় আন্তর্জাতিক ভিত্তি তৈরি করেছে।
তিনি আরও বলেন, রায়টি রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পথ সুগম করতেও ভূমিকা রাখতে পারে।
রোহিঙ্গাদের কাছে আইসিজের রায় তাই দীর্ঘদিনের বিচারপ্রত্যাশা পূরণের পাশাপাশি দেশে ফেরার নতুন প্রত্যাশারও প্রতীক। তবে সেই প্রত্যাশা বাস্তবে রূপ নিতে হলে রায়ের কার্যকর বাস্তবায়ন, আন্তর্জাতিক উদ্যোগ এবং মিয়ানমারে নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।



