Homeপ্রযুক্তিAIএআই প্রশিক্ষণে এক লাখের বেশি প্রার্থী, প্রতি আসনে ৬৪ জন

এআই প্রশিক্ষণে এক লাখের বেশি প্রার্থী, প্রতি আসনে ৬৪ জন

নিজস্ব প্রতিনিধি

দেশের তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ করে তুলতে সরকারের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে এক লাখের বেশি প্রার্থী অংশ নিয়েছেন। ৬৪ জেলায় মোট এক হাজার ৬০০ আসনের বিপরীতে বৈধ আবেদন পড়েছে এক লাখ দুই হাজার ৯২৮টি। ফলে প্রতি আসনের বিপরীতে গড়ে ৬৪ জনের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দেশের ৬৪ জেলার নির্ধারিত কেন্দ্রে একযোগে এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় এ পরীক্ষার আয়োজন করা হয়। প্রকল্পটির মাধ্যমে দেশের বিভিন্ন জেলার তরুণদের এআই প্রযুক্তিতে প্রশিক্ষিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, দেশব্যাপী এআই প্রশিক্ষণের জন্য মোট এক লাখ তিন হাজার ৯৯৬টি আবেদন জমা পড়ে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে এক লাখ দুই হাজার ৯২৮টি আবেদন বৈধ হিসেবে গ্রহণ করা হয়। এসব আবেদনকারীর মধ্য থেকেই লিখিত পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী বাছাই করা হচ্ছে।

প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ৬৪ জেলা থেকে প্রতি জেলায় ২৫ জন করে মোট এক হাজার ৬০০ জন প্রশিক্ষণার্থী নেওয়া হবে। এ হিসাবে বৈধ আবেদনকারীদের মধ্যে প্রতি আসনের বিপরীতে গড়ে ৬৪ জনের বেশি প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রতিযোগিতার দিক থেকে এগিয়ে রয়েছে ঢাকা। জেলার ২৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১৭ হাজার ৫৫২ জন। ফলে ঢাকায় প্রতি আসনের বিপরীতে গড়ে প্রায় ৭০২ জন প্রার্থী রয়েছেন।

পরীক্ষা চলাকালে রাজধানীর কল্যাণপুরের একটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহার হোসেন, প্রকল্প পরিচালক মো. আতিকুর রহমান ও ঢাকা জেলার উপপরিচালক এ কে এম শাহরিয়ার। তারা পরীক্ষাকেন্দ্রের পরিবেশ, আসনব্যবস্থা ও প্রশ্নপত্র ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ৩০ সেপ্টেম্বর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত এক হাজার ৬০০ প্রশিক্ষণার্থীকে নিয়ে ১ অক্টোবর থেকে দেশব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে।

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহার হোসেন জানান, দুই বছর মেয়াদি এ প্রকল্পের আওতায় মোট ১১ হাজার ২০০ তরুণ-তরুণীকে এআই প্রযুক্তিতে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৯ হাজার ৬০০ জনকে বেসিক এবং ১ হাজার ৬০০ জনকে অ্যাডভান্সড পর্যায়ের প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রতি ব্যাচে ২৫ জন করে মোট ৪৪৮টি ব্যাচে এ প্রশিক্ষণ পরিচালিত হবে। প্রতিটি প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। এ সময়ে ৫০টি ক্লাসে মোট ৩০০ ঘণ্টা পাঠদান করা হবে।

প্রশিক্ষণে চ্যাটজিপিটি, কোপাইলট, ডিপসিক, জেমিনি, মিডজার্নি, রানওয়ে, সিন্থেশিয়া, ট্যাবলো, ক্লিকআপ ও অ্যাডোবি সেনসেইসহ বিভিন্ন আধুনিক এআই টুল ও প্ল্যাটফর্মের ব্যবহারিক শিক্ষা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments