নিজস্ব প্রতিনিধি:
হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করে এ ঘোষণা দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
পরিদর্শনকালে ডা. শফিকুর রহমান বলেন, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী ৫০ লাখ টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রয়োজন হলে এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আরও সহযোগিতা করা হবে।
তিনি বলেন, জামায়াতের পক্ষ থেকে প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে। এটি শুরু, শেষ নয়।
স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা প্রসঙ্গে জামায়াত আমির অভিযোগ করেন, সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় অপকর্ম করার সাহস কেউ করবে না। তবে এ অভিযোগের সমর্থনে তিনি নির্দিষ্ট কোনো ব্যক্তি বা ঘটনার তথ্য উল্লেখ করেননি।
তিনি বলেন, অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আর কোনো দুর্বৃত্ত যাতে দেশের কোথাও এ ধরনের অপকর্ম করতে না পারে, সে বিষয়ে সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে।
তিনি আরও অভিযোগ করেন, সরকারি দলের আশ্রয়-প্রশ্রয়ের কারণে দেশের বিভিন্ন স্থানে মব সন্ত্রাসের ঘটনা ঘটছে। রাড্ডার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি দ্রুত পুনরায় চালুর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
জামায়াত আমিরের সঙ্গে স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
টিআর

