Homeরাজনীতিরাড্ডা এমসিএইচে লুটপাট-ভাঙচুরসহ আইনশৃঙ্খলার অবনতিকে অশনিসংকেত বললেন নূরুন্নিসা

রাড্ডা এমসিএইচে লুটপাট-ভাঙচুরসহ আইনশৃঙ্খলার অবনতিকে অশনিসংকেত বললেন নূরুন্নিসা

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে লুটপাট, ভাঙচুর ও জবরদখল এবং ইসিবি চত্বরে এক কনটেন্ট ক্রিয়েটরের কার্যালয়ে ভাঙচুরের ঘটনাসহ সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে দেশের জন্য ‘অশনিসংকেত’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকা।

রোববার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে নূরুন্নিসা সিদ্দীকা বলেন, গত ২৫ সেপ্টেম্বর সাত বছরের শিশু মাহিদা ধর্ষণ ও হত্যার শিকার হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, জাহিদুল নামের ২০ বছর বয়সী এক তরুণ এ ঘটনায় জড়িত। তার ভাষ্য, এ ধরনের ঘটনা যুবসমাজের অবক্ষয়ের করুণ চিত্র তুলে ধরে।

একই সঙ্গে রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে লুটপাট, ভাঙচুর ও জবরদখল এবং ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটরের কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।

নূরুন্নিসা সিদ্দীকা বলেন, এসব ঘটনায় প্রতিষ্ঠানগুলোর কোটি টাকার মালামাল ও জনগণের সম্পদ লুট হয়েছে বলে অভিযোগ রয়েছে। তার মতে, ঘটনাগুলোকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই; এগুলো সরকার ও ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত।

রাড্ডা এমসিএইচের ঘটনা প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের একজন সদস্যের পৃষ্ঠপোষকতায় পুলিশের উপস্থিতিতে শত শত মানুষের সামনে দীর্ঘদিন ধরে দরিদ্র ও অসহায় মা ও শিশুদের স্বাস্থ্যসেবা দিয়ে আসা একটি দাতব্য প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে।

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের পর জনগণের রায়ে ক্ষমতায় আসা দলের নেতা-কর্মীদের কাছ থেকে এ ধরনের কর্মকাণ্ড প্রত্যাশিত নয়। অতীতের কর্তৃত্ববাদী সরকারের স্বেচ্ছাচারী আচরণের অভিজ্ঞতা সাধারণ মানুষের মনে এখনো রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির নেতা-কর্মীদের একাংশের বিরুদ্ধে দখলবাজি ও চাঁদাবাজির অভিযোগ তুলে এর নিন্দা জানান জামায়াতের এই নেতা। তার দাবি, ২০২৪ সালের আগস্টের পর বাস টার্মিনাল, ফুটপাত, বাজার, জলমহাল, বালুমহাল, হাটবাজার, কেবল ও ইন্টারনেট ব্যবসাসহ বিভিন্ন খাতে এসব কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে।

সরকারকে এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে নূরুন্নিসা সিদ্দীকা বলেন, এখনই ব্যবস্থা না নিলে দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

তিনি বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে অভিযুক্তদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments