Homeসারাদেশরংপুরএক লাখ গাছ লাগানোর স্বপ্নে নাঈম

এক লাখ গাছ লাগানোর স্বপ্নে নাঈম

লালমনিরহাট:

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় লালমনিরহাটে এক লাখ গাছ লাগানোর লক্ষ্য নিয়ে কাজ করছেন তরুণ শিক্ষার্থী নাঈম রহমান। নিজের হাতখরচের টাকা সঞ্চয় করে ইতোমধ্যে জেলার বিভিন্ন এলাকা ও তিস্তার চরে প্রায় ৩৫ হাজার গাছের চারা রোপণ করেছেন তিনি।

লালমনিরহাট সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাঈমের স্বেচ্ছাসেবী কার্যক্রমের শুরু স্কুলজীবনে। ২০১৬ সালে স্কাউটের সঙ্গে যুক্ত হওয়ার পর মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা পান তিনি। এরপর বন্যাপ্রবণ তিস্তাপাড়ের মানুষের জন্য বিভিন্ন সামাজিক কার্যক্রমে যুক্ত হন।

বৃক্ষরোপণের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের পড়ানো, তিস্তার চরের শিশুদের পাঠদান এবং স্বাস্থ্য, ব্যবহারিক জ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন নাঈম।

তার উদ্যোগের জন্য নির্দিষ্ট কোনো তহবিল নেই। পরিবারের দেওয়া হাতখরচ থেকে টাকা বাঁচিয়ে তিনি চারা কিনে বিভিন্ন স্থানে রোপণ করেন। পরে তার কার্যক্রম দেখে স্থানীয় অনেকেই চারা দিয়ে সহযোগিতা শুরু করেন।

নাঈমের মা আরিফা আক্তার মনি বলেন, শুরুতে পড়াশোনার ক্ষতি হবে ভেবে ছেলের বাইরে বাইরে ঘোরাফেরা নিয়ে তারা উদ্বিগ্ন ছিলেন। পরে মানুষের কাছ থেকে তার কাজের প্রশংসা শুনে পরিবারও তাকে উৎসাহ দিতে শুরু করে।

নাঈম রহমান বলেন, ‘আমার এক লাখ বৃক্ষরোপণের স্বপ্ন রয়েছে। এর মধ্যে ৩৫ হাজার ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সরকারি বা বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে উদ্যোগটি আরও বড় পরিসরে নেওয়া সম্ভব।’

লালমনিরহাট পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বিজন কুমার রায় বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি নাঈমের মতো তরুণদের ব্যক্তিগত উদ্যোগও গুরুত্বপূর্ণ। তার এই কাজ অন্য তরুণদের পরিবেশ রক্ষায় উৎসাহিত করবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments