Homeআন্তর্জাতিকইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘সরে গেছে’ মার্কিন বাহিনী: আইআরজিসি

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘সরে গেছে’ মার্কিন বাহিনী: আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের সীমান্ত থেকে মার্কিন বাহিনী এক হাজার কিলোমিটারেরও বেশি দূরে সরে গেছে বলে দাবি করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অন্যতম শীর্ষ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাবি।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। খবর আলজাজিরার।

আলী ফাদাবি বলেন, মার্কিন বাহিনী ইরানের সীমান্ত থেকে এক হাজার কিলোমিটারেরও বেশি দূরে সরে গেছে। তার দাবি, এটি যুক্তরাষ্ট্রের নিজস্ব সিদ্ধান্ত ছিল না; বরং ইরান ও আইআরজিসির প্রতিরোধের মুখে তারা সরে যেতে বাধ্য হয়েছে।

ইরানের নিজস্ব বা সংলগ্ন কোনো জলসীমায় বর্তমানে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি নেই বলেও দাবি করেন আইআরজিসির এই কমান্ডার।

তিনি বলেন, পারস্য উপসাগর, হরমুজ প্রণালী, ওমান সাগর কিংবা উত্তর ভারত মহাসাগর—কোনো এলাকাতেই বর্তমানে মার্কিন নৌযান নেই। এ পরিস্থিতিকে তিনি নজিরবিহীন বলেও উল্লেখ করেন।

আইআরজিসির হামলার মুখে মার্কিন যুদ্ধজাহাজগুলো ‘শতভাগ অরক্ষিত’ অবস্থায় রয়েছে বলেও দাবি করেন ফাদাবি।

তবে তার এসব দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা যায়নি।

এদিকে, মার্কিন সামরিক বাহিনী ইরানের বন্দরগুলো ঘিরে নৌ-অবরোধ অব্যাহত রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত সপ্তাহে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ‘কঠোরভাবে নিয়ম মানা নিশ্চিত করতে’ জুলাই থেকে তারা ১২৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করতে বাধ্য করেছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই আইআরজিসি কমান্ডারের পক্ষ থেকে মার্কিন নৌবাহিনীর অবস্থান নিয়ে এ দাবি এল।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments