তানভীর রায়হান:
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্ব নিয়ে দলের ভেতরে আলোচনা বাড়ছে। ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত হওয়ার পর গুরুত্বপূর্ণ এই সাংগঠনিক ইউনিটের নতুন কমিটিতে কারা আসছেন, তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে নানা হিসাব-নিকাশ। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক নেতার নাম আলোচনায় থাকলেও এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।
গত ৩০ সেপ্টেম্বর আমিনুল হক ও মোস্তফা জামানের নেতৃত্বাধীন ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে বিএনপি। দলীয় বিজ্ঞপ্তিতে দ্রুত নতুন কমিটি দেওয়ার কথা বলা হলেও নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।
কমিটি বিলুপ্ত হওয়ার পর থেকেই মূলত দুটি প্রশ্ন সামনে এসেছে, নতুন নেতৃত্বে আগের কমিটির নেতারা থাকবেন, নাকি অপেক্ষাকৃত নতুন ও মাঠে সক্রিয় নেতাদের দায়িত্ব দেওয়া হবে। দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নেতৃত্ব বাছাইয়ে আন্দোলনে ভূমিকা, থানা-ওয়ার্ড পর্যায়ে যোগাযোগ, সাংগঠনিক দক্ষতা এবং নেতাদের ভাবমূর্তিকে গুরুত্ব দেওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে।
সভাপতি পদে আলোচনায় থাকা নেতাদের মধ্যে রয়েছেন ড. এম এ কাইয়ুম, সাইফুল আলম নীরব, শফিকুল ইসলাম খান মিল্টন, এস এম জাহাঙ্গীর, মামুন হাসান ও আনোয়ারুজ্জামান আনোয়ার।
এর মধ্যে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ও বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীরের নামও আলোচনায় রয়েছে। নিজের সম্ভাব্য দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, দল নতুন কমিটি গঠন করবে এবং সেখানে দায়িত্ব দেওয়া হলে তিনি সর্বোচ্চ দিয়ে তা পালনের চেষ্টা করবেন।
এস এম জাহাঙ্গীর বলেন, বিলুপ্ত কমিটির একজন সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। দল যাকে দায়িত্ব দেবে, সেই সিদ্ধান্তই তিনি মেনে নেবেন।
ঢাকা মহানগর উত্তর যুবদলের সদ্য সাবেক সভাপতি মামুন হাসানের নামও সভাপতি পদে আলোচনায় রয়েছে। তিনি বলেন, দলের দায়িত্বকে তিনি আমানত হিসেবে দেখেন এবং সেই দায়িত্ব যথাযথভাবে পালনের লক্ষ্যেই রাজনীতি করেন।
মামুন হাসান এর আগে ছাত্রদল ও যুবদলের মহানগর পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। তাঁর ভাষ্য, ঢাকা মহানগর বিএনপি একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক শাখা হওয়ায় এখানে নিষ্ঠাবান ও সাংগঠনিকভাবে সক্ষম নেতৃত্ব প্রয়োজন।
সভাপতি পদে আলোচনায় থাকা আরেকজন সাইফুল আলম নীরব। তিনি কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি। তাঁর রাজনৈতিক ক্যারিয়ারও মূলত ঢাকাকেন্দ্রিক।
তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় তাঁকে দল থেকে প্রাথমিকভাবে বহিষ্কার করা হয়েছিল। বর্তমানে নতুন কমিটি গঠনকে ঘিরে তাঁর নাম আলোচনায় এলেও এ বিষয়ে দলীয় সিদ্ধান্ত এখনো হয়নি।
নিজের অবস্থান সম্পর্কে সাইফুল আলম নীরব বলেন, দল যে সিদ্ধান্ত নেবে সেটিই চূড়ান্ত। তিনি জানান, ঢাকায় ছাত্রদলের রাজনীতি দিয়ে তাঁর রাজনৈতিক পথচলা শুরু এবং পরে কেন্দ্রীয় যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
সাধারণ সম্পাদক পদ নিয়েও দলের ভেতরে একাধিক নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে রয়েছেন বিলুপ্ত কমিটির সদস্যসচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন এবং দারুস সালাম থানা বিএনপির সাবেক আহ্বায়ক এস এ সিদ্দিক সাজু।
দলের নেতাদের একটি অংশ মনে করছেন, নতুন নেতৃত্বের ক্ষেত্রে শুধু কেন্দ্রীয় পর্যায়ে পরিচিতি বা রাজনৈতিক অভিজ্ঞতা যথেষ্ট নয়। থানা ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় এবং সাংগঠনিক কাঠামোকে সক্রিয় রাখার সক্ষমতাও গুরুত্বপূর্ণ হবে।
নতুন কমিটি গঠনের সময় নেতাদের ব্যক্তিগত ও সাংগঠনিক ভাবমূর্তিও গুরুত্ব পেতে পারে বলে মনে করছেন বিএনপির নেতারা।
দলের এক জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সম্প্রতি মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরসহ বিভিন্ন ঘটনায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এসব ঘটনার পর কয়েকটি কমিটি বিলুপ্ত এবং কয়েকজন নেতাকে বহিষ্কার করা হয়েছে।
তাঁর মতে, এ পরিস্থিতিতে নতুন নেতৃত্ব বাছাইয়ের সময় সাংগঠনিক শৃঙ্খলা, মাঠপর্যায়ে নিয়ন্ত্রণ এবং দলের ভাবমূর্তি রক্ষার সক্ষমতা বিশেষ গুরুত্ব পেতে পারে।
ঢাকা মহানগর উত্তর বিএনপি রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ সাংগঠনিক ইউনিট। এ এলাকার বিপুলসংখ্যক থানা ও ওয়ার্ডে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় এবং কেন্দ্রের সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব নতুন নেতৃত্বের ওপর থাকবে।
বিশেষ করে কমিটি বিলুপ্তির পর নতুন নেতৃত্বকে দ্রুত সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করতে হবে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে সমন্বয় এবং রাজনৈতিক কর্মসূচিতে কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করাও তাদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।
দলের নেতাদের ভাষ্য, নতুন কমিটিতে কারা আসবেন, শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বই নেবে। আলোচনায় থাকা নামগুলো নিয়ে দলের ভেতরে মতামত ও হিসাব-নিকাশ চললেও আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত কাউকেই নিশ্চিত প্রার্থী বা পদপ্রাপ্ত নেতা হিসেবে দেখার সুযোগ নেই।



