বিনোদন ডেস্ক:
দক্ষিণ ভারতীয় তারকা বিজয় দেবারাকোন্ডা ও রাশমিকা মান্দানার প্রেমের গল্প ভক্তদের কাছে নতুন নয়। দীর্ঘদিনের সম্পর্কের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের মাধ্যমে সেই সম্পর্ক পরিণতি পেয়েছে। এখন তাদের দাম্পত্যজীবন নিয়েও ভক্তদের আগ্রহের কমতি নেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশমিকার সঙ্গে তার সম্পর্ক, ভালোবাসার প্রকাশ এবং প্রথম পরিচয়ের নানা স্মৃতি নিয়ে কথা বলেছেন বিজয়। সেখানে স্ত্রী রাশমিকার ভালোবাসা প্রকাশের ধরন নিয়েও মজার তথ্য জানিয়েছেন তিনি।
বিজয়ের ভাষ্য, রাশমিকা প্রতিদিনই তাকে একাধিকবার ভালোবাসার কথা জানান। তিনি বলেন, ‘সম্পর্কের দিক দিয়ে আমরা সবচেয়ে ম্যাচিওর। ও আমার সঙ্গে কীভাবে কথা বলে, সেটা দেখলেই বোঝা যায়। ও সবসময় ভালোবাসার বিষয়টি নিশ্চিত করে। প্রতিদিন অন্তত ১০ থেকে ১৫ বার আমাকে “আই লাভ ইউ” বলে। ও মনে করে, ভালোবাসি বলাটা খুব গুরুত্বপূর্ণ।’
প্রথম দেখাতেই রাশমিকাকে জীবনসঙ্গী হিসেবে ভেবেছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে বিজয় অবশ্য তা নাকচ করেন। তার মতে, কাউকে প্রথম দেখেই ভালো লাগতে পারে, কিন্তু সেখান থেকেই জীবনের সঙ্গী সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়।
বিজয় বলেন, ‘প্রথম দেখায় প্রেমে আমি বিশ্বাস করি না। প্রেমের জন্য আমাকে একটা পথ পেরোতে হয়। প্রথম দেখায় কাউকে সুন্দর লাগতে পারে। কিন্তু সেই মানুষটিই যে “সেই মানুষ”, সেটা কি সঙ্গে সঙ্গে বোঝা যায়? না।’
রাশমিকাকে প্রথম দেখার স্মৃতিও তুলে ধরেন এই অভিনেতা। তিনি জানান, প্রথম সাক্ষাতে তার মনে হয়েছিল রাশমিকা দেখতে খুব সুন্দর। তবে তখন দুজনই নতুন একটি শুটিংয়ের প্রথম দিনের ব্যস্ততায় ছিলেন। নতুন টিম, কাজের উত্তেজনা এবং ভালো কিছু করার প্রত্যাশাই তখন তাদের কাছে মুখ্য ছিল।
বিজয়ের কথায়, ‘প্রথম দিন কোনো সেটেই নার্ভাস লাগে। তখন প্রেম বা এ ধরনের বিষয় নিয়ে ভাবার মতো স্বচ্ছন্দ অবস্থায় থাকা যায় না।’
সাক্ষাৎকারে বিজয় ও রাশমিকার পারস্পরিক ঘনিষ্ঠতার একটি দিকও উঠে আসে। কথা বলার সময় দুজনকে পরস্পরের পা দিয়ে স্পর্শ করে থাকতে দেখা যায়। এ নিয়ে প্রশ্ন করা হলে বিজয় জানান, শারীরিক স্পর্শ তাদের ভালোবাসা প্রকাশের অন্যতম স্বাভাবিক মাধ্যম।
তিনি বলেন, ‘এটা আমাদের সবসময় চলতে থাকে। আসলে কোনো না কোনোভাবে শারীরিক স্পর্শ থাকা লাগেই। এটাই আমাদের ভালোবাসার ধরন।’
দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে বিজয় ও রাশমিকাকে। ‘রানাবালি’ সিনেমায় জুটি বেঁধেছেন তারা। আগামী ১৬ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা রয়েছে। বর্তমানে সিনেমাটির প্রচারণা নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় এই তারকা দম্পতি।


