Homeশিক্ষাপ্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী

খুবি প্রতিনিধি:

একাডেমিক সাফল্যের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত চূড়ান্ত তালিকায় তাদের নাম রয়েছে।

ইউজিসির তালিকায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৪৬৯ শিক্ষার্থী স্থান পেয়েছেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের মনোনীত ১২ শিক্ষার্থীর মধ্যে ২০১৯ শিক্ষাবর্ষের ছয়জন, ২০২০ শিক্ষাবর্ষের পাঁচজন এবং ২০২১ শিক্ষাবর্ষের একজন রয়েছেন।

২০১৯ শিক্ষাবর্ষের মনোনীতরা হলেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের নাজমুস সাকিফ (সিজিপিএ ৩.৯৬), ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের তমালিকা বালা (৩.৭৫), ফার্মেসি ডিসিপ্লিনের মাইশা মালিহা মেধা (৩.৯৫), প্রিন্টমেকিং ডিসিপ্লিনের তাবাস্সুম ইমা (৩.৮১), বাংলা ডিসিপ্লিনের সদানন্দ মণ্ডল (৩.৫০) এবং অর্থনীতি ডিসিপ্লিনের মুক্তা আক্তার (৩.৮৯)।

২০২০ শিক্ষাবর্ষের পাঁচজন হলেন, গণিত ডিসিপ্লিনের মো. মেহেদী হাসান রাসেল (৩.৯৪), হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের আলমগীর হোসেন (৩.৯৩), ফার্মেসি ডিসিপ্লিনের প্রত্যাশা শিকদার (৩.৯৫), ইংরেজি ডিসিপ্লিনের টি এম রাফাত রহমান (৩.৫২) এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সুদীপ্ত দেবনাথ (৩.৯৪)। এ ছাড়া ২০২১ শিক্ষাবর্ষে ইংরেজি ডিসিপ্লিনের তানাজ কবির (৩.৬৭) এ পদকের জন্য মনোনীত হয়েছেন।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক কৃতিত্বের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়। উচ্চশিক্ষা ও গবেষণায় শিক্ষার্থীদের উৎসাহিত করার উদ্দেশ্যে ২০০৫ সাল থেকে ইউজিসি এ পদক দিয়ে আসছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী এ স্বীকৃতির জন্য নির্বাচিত হওয়ায় তাদের অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

অভিনন্দন বার্তায় তিনি বলেন, শিক্ষার্থীদের এ অর্জন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সাফল্যের গুরুত্বপূর্ণ স্বীকৃতি। তাদের কৃতিত্ব অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল, জ্ঞানচর্চা ও গবেষণায় উৎসাহিত করবে।

মনোনীত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুন্নবী এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments