Homeঅর্থনীতিনির্মাণ, বিদ্যুৎ ও পানি খাতের ছয় আন্তর্জাতিক প্রদর্শনী শুরু ১২ নভেম্বর

নির্মাণ, বিদ্যুৎ ও পানি খাতের ছয় আন্তর্জাতিক প্রদর্শনী শুরু ১২ নভেম্বর

নিজস্ব প্রতিনিধি:

নির্মাণ, আবাসন, বিদ্যুৎ, সৌরশক্তি, আলোকপ্রযুক্তি এবং পানি ব্যবস্থাপনা খাতের দেশি-বিদেশি প্রতিষ্ঠানকে একই ছাদের নিচে আনতে ঢাকায় শুরু হচ্ছে ছয়টি আন্তর্জাতিক প্রদর্শনী। আগামী ১২ থেকে ১৪ নভেম্বর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এসব প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আয়োজকদের প্রত্যাশা, এতে ২০টির বেশি দেশের ২০০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। তিন দিনের এ আয়োজনে ২০ হাজারের বেশি দর্শনার্থীর সমাগম হতে পারে।

কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এসব প্রদর্শনীর আয়োজন করছে। মঙ্গলবার রাজধানীতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

ছয়টি প্রদর্শনীর মধ্যে রয়েছে ৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো, ২৫তম রিয়েল এস্টেট এক্সপো, ২৮তম পাওয়ার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো, ২৩তম সোলার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো, ৮ম ঢাকা ইন্টারন্যাশনাল লাইটিং এক্সপো এবং ৮ম ওয়াটার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ৫০০টির বেশি বুথ ও আন্তর্জাতিক প্যাভিলিয়নে বিভিন্ন দেশের প্রতিষ্ঠান তাদের পণ্য, প্রযুক্তি ও সেবা তুলে ধরবে। বাংলাদেশ ছাড়াও চীন, জার্মানি, ভারত, জাপান, শ্রীলঙ্কা ও তুরস্কসহ ২০টির বেশি দেশের প্রতিষ্ঠান এতে অংশ নেবে।

নির্মাণ ও অবকাঠামো খাতের প্রযুক্তি এবং সরঞ্জাম প্রদর্শিত হবে বিল্ড বাংলাদেশ এক্সপোতে। এতে নির্মাণসামগ্রী, ভারী যন্ত্রপাতি, ভবন নির্মাণ প্রযুক্তি, ইন্টেরিয়র ও ফিনিশিং সামগ্রী, লিফট, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং স্যানিটারি পণ্য থাকবে। পাশাপাশি রিয়েল এস্টেট এক্সপোতে আবাসন প্রতিষ্ঠানগুলো তাদের প্রকল্প ও সেবা তুলে ধরবে। এবার শ্রীলঙ্কা এক্সপোর্ট ডেভেলপমেন্ট বোর্ডের অংশগ্রহণে থাকছে বিশেষ শ্রীলঙ্কা প্যাভিলিয়ন।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রযুক্তি নিয়ে আয়োজন করা হচ্ছে পাওয়ার বাংলাদেশ, সোলার বাংলাদেশ এবং ঢাকা আন্তর্জাতিক লাইটিং এক্সপো। এসব প্রদর্শনীতে বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন প্রযুক্তি, সৌর প্যানেল, ব্যাটারি, ইনভার্টার, নবায়নযোগ্য জ্বালানি এবং আধুনিক এলইডি ও স্মার্ট লাইটিং প্রযুক্তি প্রদর্শিত হবে।

অন্যদিকে, ওয়াটার বাংলাদেশ এক্সপোতে পানি শোধন, বর্জ্যপানি ব্যবস্থাপনা, লবণাক্ততা দূরীকরণ, পানি বিতরণ এবং স্মার্ট পানি ব্যবস্থাপনার প্রযুক্তি ও সমাধান তুলে ধরা হবে।

প্রদর্শনীগুলোর পাশাপাশি স্থাপত্য খাত নিয়েও থাকছে বিশেষ আয়োজন। এর অংশ হিসেবে ১০ নভেম্বর আইসিসিবির হল-২-এ অনুষ্ঠিত হবে ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার ২০২৬-এর গ্র্যান্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠান। বিভিন্ন বিভাগে নির্বাচিত স্থাপত্য প্রকল্প, স্থপতি ও গবেষকদের পুরস্কার দেওয়া হবে।

এ ছাড়া ১২ থেকে ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী ডেল্টা ফেস্টিভ্যাল অব আর্কিটেকচার। এতে মাস্টারক্লাস, স্থাপত্যবিষয়ক আলোচনা, ফোকাস গ্রুপ, বই প্রদর্শনী এবং পুরস্কারপ্রাপ্ত প্রকল্পের উপস্থাপনা থাকবে। স্থপতি, প্রকৌশলী, আবাসন খাতের উদ্যোক্তা, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট পেশাজীবীরা এতে অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া-প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম, নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলামসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজকদের মতে, এসব প্রদর্শনীর মাধ্যমে নির্মাণ, বিদ্যুৎ, নবায়নযোগ্য জ্বালানি, আবাসন ও পানি ব্যবস্থাপনা খাতের দেশি-বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ ও প্রযুক্তি বিনিময়ের সুযোগ তৈরি হবে। প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments