Homeবিবিধঅপরাধগাজীপুরে মহাসড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া

গাজীপুরে মহাসড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিনিধি ও গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের অবরোধকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে গাছা থানার সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে। একই সময়ে বাসন থানার ভোগরা এলাকায়ও শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সকাল সাড়ে ৯টার দিকে কয়েক হাজার শ্রমিক গাছা থানার সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে শ্রমিকদের একটি অংশ পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। জবাবে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকাল থেকেই পরিস্থিতি স্বাভাবিক ছিল। সকাল সাড়ে ৯টার দিকে গাছা এলাকায় দুই থেকে চার হাজার শ্রমিক সড়কে নেমে আসেন। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে টিয়ারশেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, সকাল সাড়ে ৮টার দিকে জয়দেবপুরের দিকেও শ্রমিকরা অবস্থান নিয়েছিলেন। সেখান থেকেও তাদের সরিয়ে দেওয়া হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান বলেন, দুষ্কৃতকারীরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করেছিল। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

সংঘর্ষ ও অবরোধের কারণে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল ব্যাহত হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments