Homeখেলাপ্রথমবারের মতো বিগ ব্যাশে খেলবেন মোস্তাফিজ, চুক্তি মেলবোর্ন রেনেগেডসের সঙ্গে

প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলবেন মোস্তাফিজ, চুক্তি মেলবোর্ন রেনেগেডসের সঙ্গে

কাঁধের চোটে ছিটকে যাওয়া জেসন বেহরেনডর্ফের বদলি হিসেবে দলে নিল অস্ট্রেলীয় ক্লাবটি

স্পোর্টস ডেস্ক:

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলতে যাচ্ছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। তাকে দলে ভিড়িয়েছে মেলবোর্ন রেনেগেডস।

৩১ বছর বয়সী মোস্তাফিজ বিশ্বজুড়ে ৩৩১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৪২৩টি উইকেট নিয়েছেন। দীর্ঘ আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ক্যারিয়ারে এবারই প্রথম বিগ ব্যাশে খেলার সুযোগ পেলেন তিনি।

রেনেগেডসের অভিজ্ঞ বাঁহাতি পেসার জেসন বেহরেনডর্ফ কাঁধের চোটের কারণে পুরো মৌসুম থেকে ছিটকে পড়েছেন। তার পরিবর্তে মোস্তাফিজকে দলে নিয়েছে ক্লাবটি। তার অন্তর্ভুক্তিতে দলের বোলিং আক্রমণে বৈচিত্র্য বাড়বে বলে আশা করছে রেনেগেডস।

তবে আইএলটি-টোয়েন্টিতে খেলার ব্যস্ততার কারণে পার্থ স্করচার্সের বিপক্ষে রেনেগেডসের প্রথম ম্যাচে পাওয়া যাবে না মোস্তাফিজকে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) খেলার অপেক্ষায় রয়েছেন তিনি। আগামী ১ জানুয়ারি সিডনি সিক্সার্স এবং ৪ জানুয়ারি মেলবোর্ন স্টার্সের বিপক্ষে এমসিজিতে মাঠে নামবে রেনেগেডস।

ক্লাবের বিবৃতিতে মোস্তাফিজ বলেন, “মেলবোর্ন রেনেগেডসের হয়ে প্রথমবার বিগ ব্যাশে খেলার অপেক্ষায় আছি। এমসিজি আমার হোম গ্রাউন্ড হিসেবে খেলাটা বিশেষ কিছু হবে। সতীর্থদের সঙ্গে যোগ দিতে এবং নিজের অভিজ্ঞতা দলের কাজে লাগাতে মুখিয়ে আছি।”

দলের নতুন কোচ লুক রনকিও মোস্তাফিজকে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন। রেনেগেডসের স্কোয়াডে আরও দুই বিদেশি ক্রিকেটার রয়েছেন—জনি বেয়ারস্টো ও মাইকেল ব্রেসওয়েল।

রনকি বলেন, “বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটে মোস্তাফিজ একজন পরীক্ষিত ম্যাচজয়ী খেলোয়াড়। পাওয়ারপ্লে ও ডেথ ওভারে উইকেট নেওয়ার সক্ষমতা রয়েছে তার। আমাদের বোলিং আক্রমণে ঠিক এমন একজন খেলোয়াড়ই প্রয়োজন ছিল।”

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments