বিশেষ প্রতিনিধি:
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন তুরস্ক সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অবস্থান জানান।
পররাষ্ট্র সচিব বলেন, প্রধানমন্ত্রী আগামীকাল মঙ্গলবার বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে দুই দিনের সফরে তুরস্ক যাচ্ছেন। সংবাদ সম্মেলনে মূলত সম্মেলন ও প্রধানমন্ত্রীর সফর নিয়ে কথা বলা হচ্ছে। শেখ হাসিনার পাসপোর্টের আবেদন বিষয়ে তার কোনো বক্তব্য নেই।
এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে একটি চিঠি পাঠিয়েছেন লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা।
দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে বলে জানা গেছে।
আইনজীবীরা বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বাধ্যবাধকতা বিবেচনায় নিয়ে নতুন পরিচয়পত্র দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। ২০২৫ সালের নভেম্বরে আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে বাংলাদেশ ছাড়ার পর নতুন পাসপোর্ট ও এনআইডির বিষয়ে এটিই শেখ হাসিনার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে তিনি আবেদন করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।



