নিজস্ব প্রতিনিধি:
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধ উদ্যোগ এবং কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
তিনি বলেছেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিসহ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশের সুপেয় পানির প্রাপ্যতা, খাদ্যনিরাপত্তা, আবাসন ও অবকাঠামো মারাত্মক হুমকির মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর সমন্বিত অবস্থান এবং আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর সহযোগিতা প্রয়োজন।
সোমবার (৯ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ৩১-এর উদ্বোধনী দিনে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক উচ্চপর্যায়ের নীতিসংলাপে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘Living Waters, Shared Rights: Climate Resilience Through Natural Rights-Led Governance’ শীর্ষক এ সংলাপের আয়োজন করে চেঞ্জ ইনিশিয়েটিভ। সুইজারল্যান্ড দূতাবাস ও ওয়াটারএইড বাংলাদেশ এতে সহযোগিতা করে।
প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশেষ করে উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর মানুষের জীবন ও জীবিকাকে ক্রমাগত বিপন্ন করছে। তাই নিরাপদ পানি ও খাদ্যনিরাপত্তার মতো মৌলিক বিষয়গুলো আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় যথাযথ গুরুত্ব পাওয়া প্রয়োজন।
তিনি বলেন, ঝুঁকিপূর্ণ দেশগুলো সম্মিলিতভাবে আন্তর্জাতিক ফোরামে নিজেদের দাবি ও অগ্রাধিকার তুলে ধরতে পারলে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, সুপেয় পানির প্রাপ্যতা এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে অগ্রগতি সম্ভব।
সংলাপে বক্তারা বলেন, নদীর স্বাভাবিক প্রবাহ রাজনৈতিক সীমানা মেনে চলে না। তাই আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় প্রাকৃতিক প্রবাহ, বাস্তুতন্ত্রের সুরক্ষা এবং সংশ্লিষ্ট জনগোষ্ঠীর অধিকারকে অগ্রাধিকার দিতে হবে। এ ক্ষেত্রে বৈজ্ঞানিক তথ্য, প্রাকৃতিক অধিকার এবং আন্তর্জাতিক সহযোগিতার সমন্বয়ে কার্যকর নীতি প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন তারা।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন চেঞ্জ ইনিশিয়েটিভের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এম. জাকির হোসেন খান। তিনি বৈশ্বিক পানি সংকট, নদীর স্বাভাবিক প্রবাহের পরিবর্তন এবং জলবায়ু অর্থায়নে বিদ্যমান বৈষম্যের চিত্র তুলে ধরেন।
তিনি জানান, বাংলাদেশের সঙ্গে ভারতের ৫৪টি অভিন্ন নদী রয়েছে। ১৯৯৬ সালের গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। এ পরিস্থিতিতে আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় কার্যকর সহযোগিতা ও সমন্বিত নীতিগত উদ্যোগ প্রয়োজন।
চেঞ্জ ইনিশিয়েটিভের গবেষণার তথ্য তুলে ধরে তিনি বলেন, ২০০২ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ পানি সরবরাহ খাতে জলবায়ু অর্থায়নে প্রতি এক মার্কিন ডলার অনুদানের বিপরীতে ৭ দশমিক ৭৮ ডলার ঋণ পেয়েছে। এ পরিপ্রেক্ষিতে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়ন বাড়ানোর আহ্বান জানানো হয়।
বাংলাদেশের সংসদ সদস্য ও নেচার অ্যান্ড গভর্ন্যান্স পলিসি প্ল্যাটফর্মের (এনজিপিপি) কোর সদস্য মনসুরা আক্তার বলেন, সাধারণ মানুষের কাছে জলবায়ু পরিবর্তনের প্রভাব মূলত নিরাপদ পানির সংকট, কৃষিকাজে পানির অভাব এবং বন্যার ক্ষয়ক্ষতির মাধ্যমে প্রতিফলিত হয়। মানুষের পানির অধিকার নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি ও কার্যকর নীতিগত পদক্ষেপ প্রয়োজন।
তুরস্কের কৃষি ও বন মন্ত্রণালয়ের পানি ব্যবস্থাপনা অধিদপ্তরের পানীয় পানি বিভাগের প্রধান ড. মুস্তাফা বার্ক দুয়গু অভিন্ন নদী অববাহিকাভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা ও কারিগরি অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন।
ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের অভিযোজন ও সহনশীলতা বিভাগের প্রধান চিতেম্বো কাওয়িম্বে চুঙ্গা স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে জলবায়ু অভিযোজন কার্যক্রম বাস্তবায়ন এবং অর্থায়নের কার্যকারিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
ইন্টারন্যাশনাল ওয়াটার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের নেপাল প্রতিনিধি ড. মনোহরা খাড়কা জলবায়ু অর্থায়নে ন্যায়বিচার নিশ্চিত করা এবং গবেষণালব্ধ তথ্য নীতিনির্ধারণ ও বিনিয়োগ পরিকল্পনায় ব্যবহারের আহ্বান জানান।
ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের জ্যেষ্ঠ গবেষক সেজাল প্যাটেল নদী, জলাভূমি ও ভূগর্ভস্থ পানিসম্পদ সুরক্ষায় দীর্ঘমেয়াদি বিনিয়োগ এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
এ ছাড়া বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক শিরিন সুলতানা লিরা স্থানীয় সরকার ও জনগোষ্ঠীর যৌথ অংশগ্রহণে টেকসই পানি ব্যবস্থাপনার অভিজ্ঞতা তুলে ধরেন।
সংলাপে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন ও পানি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, উন্নয়ন সহযোগী এবং বাংলাদেশ ও চিলির আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন।



