নিজস্ব প্রতিনিধি:
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৯৫ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে সাতজন ঢাকা বিভাগের (সিটি করপোরেশন এলাকার বাইরে) এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা।
নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৫৯৫ জনের মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশন এলাকা ছাড়া) ১৯৬ জন, ময়মনসিংহে ৭৩ জন, চট্টগ্রামে ২০৬ জন, খুলনায় ২২০ জন, রাজশাহীতে ২২৯ জন, রংপুরে ৭১ জন, বরিশালে ২১১ জন এবং সিলেটে ২০ জন রয়েছেন।
এদিকে, রাজধানী ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে গত ২৪ ঘণ্টায় ৩৬৭ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১ লাখ ৫৩ হাজার ৭৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ১৫৮ জন।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৪ জনে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ হাজার ১৩৬ জন ডেঙ্গুরোগী।



