Homeবিবিধটপ ফাইভনিখোঁজ মেয়েকে খুঁজতে বাবার অভিযান, নতুন সিরিজে ফিরছেন মিলি-ডেভিড

নিখোঁজ মেয়েকে খুঁজতে বাবার অভিযান, নতুন সিরিজে ফিরছেন মিলি-ডেভিড

অনলাইন ডেস্ক:

নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ স্ট্রেঞ্জার থিংস-এ বাবা-মেয়ের মতো সম্পর্কের মধ্য দিয়ে দর্শকদের নজর কেড়েছিলেন মিলি ববি ব্রাউন ও ডেভিড হারবার। এবার নতুন একটি গুপ্তচরবৃত্তিভিত্তিক সিরিজে আবারও একসঙ্গে পর্দায় আসছেন তাঁরা। নতুন গল্পেও তাঁদের সম্পর্কের কেন্দ্রে থাকছে বাবা ও মেয়ে।

আ স্পাই ইন দ্য ব্লাড উপন্যাস অবলম্বনে সিরিজটি নির্মাণ করছে প্রযোজনা প্রতিষ্ঠান এ২৪। এর চিত্রনাট্য লেখা ও নির্বাহী প্রযোজনার দায়িত্বে রয়েছেন অ্যাডোলেসেন্স সিরিজের লেখক জ্যাক থর্ন। নেটফ্লিক্স ইতিমধ্যে প্রকল্পটির সরাসরি অনুমোদন দিয়েছে।

সিরিজে সাবেক এফবিআই কর্মকর্তা ম্যাট উলফের চরিত্রে অভিনয় করবেন ডেভিড হারবার। পরবর্তী সময়ে তিনি নিরাপত্তাবিষয়ক বিশেষজ্ঞ হিসেবে কাজ শুরু করেন। তাঁর মেয়ে রেবেকার ভূমিকায় থাকছেন মিলি ববি ব্রাউন। বাবার পথ অনুসরণ করে রেবেকাও এফবিআই কর্মকর্তা হন। কিন্তু একটি বিশেষ অভিযান চালাতে গিয়ে নিখোঁজ হয়ে যান তিনি।

মেয়ের কোনো সন্ধান না পেয়ে ম্যাটকে আবারও পুরোনো পেশায় ফিরতে হয়। রেবেকাকে খুঁজে বের করার এই অভিযানে একের পর এক রহস্য, বিপদ ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হন তিনি।

স্ট্রেঞ্জার থিংস-এর পাঁচটি মৌসুমে একসঙ্গে কাজ করেছেন মিলি ও ডেভিড। সিরিজটিতে মিলির অভিনীত ইলেভেন চরিত্রটির প্রতি ডেভিডের অভিনীত জিম হপার চরিত্রের অভিভাবকসুলভ সম্পর্ক দর্শকদের কাছে বিশেষভাবে জনপ্রিয়তা পায়। নতুন সিরিজে সেই পরিচিত জুটি এবার ভিন্ন প্রেক্ষাপটে বাবা-মেয়ের ভূমিকায় ফিরছে।

অভিনয়ের পাশাপাশি নতুন সিরিজটির নির্বাহী প্রযোজক হিসেবেও যুক্ত থাকছেন মিলি ববি ব্রাউন ও ডেভিড হারবার। তবে এখনো সিরিজটির মুক্তির তারিখ ঘোষণা করেনি নেটফ্লিক্স।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments